বিদেশি ছাত্রদের ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করার সরকারি সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছিল আগেই। এবার ট্রাম্প সরকারকে (Donald Trump) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) বিদেশি ছাত্র ভর্তি (Foreign Student) এবং স্টুডেন্টস ভিসা (Student Visa) দেওয়ার ব্যাপারে কোনও রকম বিধিনিষেধ জারি না-করার নির্দেশ দিল মার্কিন আদালত (American Court)।

হার্ভার্ড ও ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 30 May 2025 00:02
দ্য ওয়াল ব্যুরো: বিদেশি ছাত্রদের ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করার সরকারি সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছিল আগেই। এবার ট্রাম্প সরকারকে (Donald Trump) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) বিদেশি ছাত্র ভর্তি (Foreign Student) এবং স্টুডেন্টস ভিসা (Student Visa) দেওয়ার ব্যাপারে কোনও রকম বিধিনিষেধ জারি না-করার নির্দেশ দিল মার্কিন আদালত (American Court)।
বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিওরিটি ও বিদেশ দফতরকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভিসা দেওয়ার নিয়মে অনির্দিষ্ট কালের জন্য কোনও পরিবর্তন না করার নির্দেশ দিয়েছেন ডিসট্রিক্ট কোর্ট জাজ অ্যালিসন বুরোস। সেই নির্দেশ মোতাবেক ৩০ দিনের জন্য বিদেশি ছাত্র ভর্তি এবং স্টুডেন্টস ভিসা নীতিতে কোনও রকম পরিবর্তন না আনার সিদ্ধান্ত নিয়েছে ওভাল অফিস।
এর আগে বিদেশি ছাত্রদের ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করার সরকারি সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হলেও একদম দমেননি মার্কিন প্রেসিডেন্ট। যদিও মার্কিন আদালতের এহেন নির্দেশের পর এখনও ট্রাম্পের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। আদৌ তিনি নরম হবেন কিনা সে নিয়েও কৌতূহল রয়েছে অনেক মহলে।
এ কথা বলার কারণ অন্তর্বর্তী স্থগিতাদেশের পরও হার্ভার্ডের বিদেশি পড়ুয়া এবং তহবিল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি এও বলেন, হার্ভার্ড কেন বলছে না তাদের ৩১ শতাংশ শিক্ষার্থীই বিদেশি? এমন দেশ থেকেও পড়ুয়া হার্ভার্ডে আসে, যাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভাল নয়। ওই সব দেশ কখনও তাদের শিক্ষার্থীদের জন্য কিছু করে না। এমনকি কিছু করার সদিচ্ছাও নেই।
বস্তুত, মার্কিন স্বরাষ্ট্র দফতরের (DHS) তরফে জানানো হয়, হার্ভার্ডের বিরুদ্ধে হিংসা ছড়ানো, ইহুদিবিদ্বেষ এবং চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। তাই বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাশাপাশি, ছ'দফা শর্ত না মানলে আগামী শিক্ষাবর্ষে বিদেশ থেকে আর পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না হার্ভার্ড। সঙ্গে এও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে এখন যে সব বিদেশি পড়ুয়া রয়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে হবে। নচেত ভিসা বাতিল করে দেওয়া হবে।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বারসাফ জানান, ট্রাম্প সরকারের এহেন পদক্ষেপ বেআইনি এবং যুক্তিযুক্ত নয়। এরপরই ট্রাম্প প্রশাসনের এহেন বিধিনিষেধে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। আদালত সেই আবেদনে সাড়াও দেয়।