সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে ট্রাম্পের হাতে কালশিটে ধরা পড়ে। হোয়াইট হাউস অবশ্য বিষয়টিকে হালকা করেই দেখেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
শেষ আপডেট: 29 August 2025 08:43
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (US Vice President JD Vance) জানিয়েছেন, প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট (US President) হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত। বৃহস্পতিবার USA Today-কে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যের (Donald Trump health issues) কোনও সমস্যা নেই। তিনি বাকি মেয়াদও পালন করবেন এবং আমেরিকান জনগণের জন্য দারুণ কাজ করবেন।”
তবে একই সঙ্গে তিনি যোগ করেন, “তবে ঈশ্বর না করুন যদি কোনও ভয়াবহ দুর্ঘটনা ঘটে, আমি তার জন্য প্রস্তুত। গত ২০০ দিনে আমি যে অভিজ্ঞতা পেয়েছি, তা বিশেষ ‘অন-দ্য-জব ট্রেনিং’।’’
এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে সাক্ষাতে ট্রাম্পের হাতে একটি কালশিটে ধরা পড়ে। হোয়াইট হাউস অবশ্য বিষয়টিকে হালকা করেই দেখেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, এটি মূলত ঘন ঘন ও শক্ত করে হাত মেলানোর কারণে, সঙ্গে অ্যাসপিরিন সেবনের প্রভাবে হয়েছে। জুলাই থেকেই ওই দাগ দেখা যাচ্ছিল, যা মেক-আপ দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
লেভিট আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প জনগণের মানুষ। তিনি প্রতিদিন যত মানুষের সঙ্গে হাত মেলান, ইতিহাসে কোনও প্রেসিডেন্ট এতটা করেননি। তাঁর অঙ্গীকার অনড়, তিনি প্রতিদিনই সেটার প্রমাণ দেন।”
হোয়াইট হাউসের চিকিৎসক ডাঃ শন বারবাবেলা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ ধরা পড়েছে, যা ৭০ বছরের ঊর্ধ্বে অনেকের মধ্যেই দেখা যায় এবং সাধারণত ক্ষতিকর নয়। জুলাইয়ে ট্রাম্পের পায়ে ফোলাভাব দেখা দেওয়ার পরই এই রোগ ধরা পড়ে।