
শেষ আপডেট: 30 October 2023 18:04
দ্য ওয়াল ব্যুরো: চারদিকে সাদা-কালো ধোঁয়া, কুণ্ডলী পাকিয়ে উঠছে ভয়ঙ্কর আগুন। সাইরেনের শব্দে কান পাতা দায়। লাগাতার বোমা-গুলির শব্দ। তার মধ্যেই গাজা সীমান্তের অবস্থা ভয়ানক। রাষ্ট্রসঙ্ঘে শান্তি আলোচনার মধ্যেই নতুন করে গাজায় যুদ্ধের দামামা বাজাচ্ছে ইজরায়েলি সেনা। সীমান্ত ঘিরে ফেলেছে শয়ে শয়ে যুদ্ধট্যাঙ্ক, ধেয়ে আসছে সাঁজোয়া গাড়ি।
টানা কয়েকদিন গাজায় গোলাবর্ষণ করার পরে ইজরায়েল সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, “বিগত কয়েকদিন ধরে লাগাতার অভিযানের পর গ্রাউন্ড ফোর্সকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আরও বড় অভিযান হতে পারে।”
বিগত ২৪ ঘণ্টা ধরে মূলত উত্তর গাজায় হামলা চালাচ্ছিল ইজরায়েলি সেনা। এবার সেই অভিযান আরও বড় মাপের ও ভয়াবহ হতে চলেছে বলেই সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ গাজাতেও অভিযান চলতে পারে।
ইজরায়েলে রকেট হামলা চালানোর পর প্যালেস্তাইনের হামাস বাহিনীকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। তা করতে গত কয়েক দিন ধরেই ক্রমাগত আকাশপথে হামলা চালাচ্ছে ইজরায়েল এয়ার ফোর্স। সেই সঙ্গেই চলছে স্থলপথে হামলা।
ইতিমধ্যেই ইজরায়েল-গাজা সীমান্তে হাজির হয়েছে ট্যাঙ্ক। এ ছাড়াও বিভিন্ন যুদ্ধ সরঞ্জামও জড়ো করা হয়েছে।
ইজরায়েলের অভিযোগ, তাদের হামলা থেকে বাঁচতে হামাস সদস্যরা সাধারণ লোকেদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। এমনকি ভূগর্ভস্থ টানেলেও লুকিয়ে রয়েছে হামাস বাহিনী। তাদের নিকেশ করতেই স্থলপথে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা।
ইজরায়েলের গ্রাউন্ড ফোর্সে রয়েছে ‘কমব্যাট ভেহিকল অব দ্য ফিউচার’ বা ‘ভবিষ্যতের যুদ্ধ যান’, এই নামেই ডাকা হচ্ছে ইজরায়েলের নতুন এই ট্যাঙ্ককে। এই যুদ্ধট্যাঙ্ক চলবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে। বিশাল বড় টাচ স্ক্রিন, ৩৬০ ডিগ্রি ভিশন রয়েছে ট্যাঙ্কে। চালানো যাবে রিমোট কন্ট্রোলে। রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ও এলবিট সিস্টেম এই উন্নত যুদ্ধট্যাঙ্ক বানিয়েছে। ইজরায়েল ডিফেন্স সিস্টেম জানিয়েছে, এটি চালাতে বেশি সেনার প্রয়োজন হবে না। দিনে ও রাতে সমানভাবে কাজ করতে পারবে এই ট্যাঙ্ক। অত্যাধুনিক এই ট্যাঙ্ক গর্জে উঠলে নিমেছে সবকিছু ধ্বংস করে দেবে।