
শেষ আপডেট: 8 November 2023 12:29
দ্য ওয়াল ব্যুরো: গাজা শহরের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা। চারদিক থেকে গাজা ভূখণ্ডকে ঘিরে ফেলে ভয়ঙ্কর বোমাবর্ষণ শুরু করেছে ইজরায়েল। মুহুর্মুহু গর্জে উঠছে যুদ্ধট্যাঙ্ক। ইজরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, মাটির নীচে হামাসদের সুড়ঙ্গে ঢুকে পড়েছে সেনা। সেখানে গিয়ে হামলা চলছে।
‘সুড়ঙ্গ থেকে টেনে বের করে এনে হামাসদের মারব’, হুঙ্কার দিয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। গাজার মাটির নীচেই অন্য জগৎ আছে হামাসের। শত শত কিলোমিটার সুড়ঙ্গ রয়েছে তাদের। এসব সুড়ঙ্গ দিয়েই সামরিক সরঞ্জাম গাজায় নিয়ে আসে তারা। মাটির নীচে সুবিশাল সেই সুড়ঙ্গ কতটা বিস্তৃত সেই নিয়ে গবেষণামূলক প্রতিবেদন লিখেছিল বিবিসি। সেই প্রতিবেদন থেকে জানা গেছে, গাজা উপত্যকার একটি স্তর বেসামরিক নাগরিকদের এবং আরেকটি স্তর আছে হামাসের জন্য। সেখানে শত শত বাঙ্কার আছে। ওইসব বাঙ্কার শুধু হামাস আর অন্য উগ্রপন্থীদের জন্য যাতে করে তারা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা বা বোমাবর্ষণ করতে পারে।
এই টানেল কতদূর চলে গেছে তার আন্দাজ পাওয়া কঠিন। ইজরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই টানেলকে বলেন ‘গাজা মেট্রো’। কারণ মনে করা হয় এটা এমন একটা সুড়ঙ্গপথ যা লম্বায় প্রায় ৪১ কিলোমিটার আর প্রস্থে ১০ কিলোমিটার।
২০২১ সালেও ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত হয়েছিল। সেই যুদ্ধের পরে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছিল যে এয়ারস্ট্রাইকে ১০০ কিলোমিটারেরও বেশি টানেল ধ্বংস করা হয়েছে। হামাস তখন বলেছিল যে তাদের টানেল ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং এর মাত্র পাঁচ শতাংশ আক্রান্ত হয়েছে। ইজরায়েলি সেনা জানিয়েছে, এই সুড়ঙ্গে ঢুকে হামাস কমান্ডারদের খুঁজে খুঁজে নিকেশ করা হবে। এই টানেলেই আত্মগোপন করে আছে হামাসের ষড়যন্ত্রকারী কমান্ডাররা। তবে হামাসের দাবি, আরও অনেক গোপন সুড়ঙ্গ আছে যার নাগাল পাবে না ইজরায়েলি সেনারা। ওই সুড়ঙ্গেই নিজেদের অন্য পৃথিবী তৈরি করেছে হামাস। সেখানে বসে গাজাকে মুক্ত করার আরও বৃহত্তর পরিকল্পনা করছে তারা।