
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 October 2024 12:43
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ গাজায় নতুন করে অভিযান চালিয়ে হামাস প্রধানকে হত্যা করেছে ইজরায়েল সেনা। ইয়া সিনওয়ারের গোপন বাঙ্কার এবং তাতে কী কী ছিল সেই ভিডিও দেখিয়েছে তাঁরা। এবার একইভাবে আইডিএফ-এর দাবি, তাঁরা লেবাননে হিজবুল্লার গোপন বাঙ্কারেরও খোঁজ পেয়েছে। সেখান থেকেও যা উদ্ধার হয়েছে তা 'জ্যাকপট' বলা চলে।
ইজরায়েল সেনা আগেই দাবি করেছিল, দক্ষিণ লেবানেন জনবসতিপূর্ণ এলাকাকেই নিজেদের ঘাঁটি বানিয়ে রেখেছিল হিজবুল্লা। সাধারণ চোখে যেগুলি হাসপাতাল বা বাড়িঘর, সেগুলিই ছিল তাঁদের অস্ত্রভাণ্ডার। এই এলাকাতেই প্রথমে এয়ারস্ট্রাইক এবং পরে সার্জিক্যাল স্ট্রাইক করে হিজবুল্লার অনেক সম্পত্তির খোঁজ পেয়েছে আইডিএফ। সম্প্রতি তাঁরা ভিডিও শেয়ার করে দাবি করেছে, হিজবুল্লার এত টাকার হদিশ পেয়েছে তাঁরা যা দিয়ে গোটা লেবাননের উন্নয়ন করা যায়!
লেবাননের রাজধানী বেইরুটের একটি হাসপাতালের তলায় হিজবুল্লা নিজেদের অস্ত্র এবং অর্থভাণ্ডার তৈরি করেছিল বলে দাবি করা হয়েছে। আর সেখান থেকেই প্রায় ৫০ কোটি ডলার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। টাকার পাশাপাশি বিপুল পরিমাণ সোনা পাওয়া গেছে বলেও দাবি তাঁদের। রবিবার রাতে নতুন করে হিজবুল্লার ৩০টি ঘাঁটিতে হামলা চালিয়েছিল আইডিএফ। সেগুলি ছিল আল কার্দ আল হাসান এলাকায় বেশি কয়েকটি বাড়ি। সেখান থেকেই এই সম্পত্তি উদ্ধার হয়েছে।
এক ভিডিও বার্তায় ইজরায়েল সেনার মুখপাত্র জানিয়েছেন, বেইরুটের আল সাহেল হাসপাতালের ঠিক তলায় বাঙ্কারের খোঁজ মিলেছিল। সেখান থেকেই এই বিপুল সোনা এবং টাকা উদ্ধার করা হয়েছে। আগে থেকেই এই বাঙ্কারের খোঁজ পেয়েছিলেন তাঁরা, তাই শুধুমাত্র এই বাঙ্কারে তাঁরা হামলা চালাননি। তাহলে সব সম্পত্তিই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
একদিন আগেই হামাস প্রধান ইয়া সিনওয়ারের বাঙ্কারের ছবি দেখিয়েছে ইজরায়েল। তাতে যেমন রয়েছে সুসজ্জিত রান্নাঘর, একাধিক বাথরুম। তেমনই স্নানের জন্য একাধিক উন্নত মানের শাওয়ারের ছবি সামনে এসেছে। পাশাপাশি বাঙ্কার থেকে প্রচুর পরিমাণ নগদ উদ্ধার হয়েছে বলে খবর। টাকার ছবি ইতিমধ্যে সামনে এসেছে। অন্যদিকে, সিনওয়ারের স্ত্রী ২৭ লক্ষ টাকার ব্যাগ ব্যবহার করতেন এই খবরেও হইচই পড়েছে।