.webp)
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা
শেষ আপডেট: 26 September 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুমকি মতো লেবাননের রাজধানী বেইরুটে নতুন করে হামলা শুরু করল আইডিএফ। বেইরুটে ঘাঁটি গেড়ে থাকা এক হিজবুল্লা কমান্ডারকে টার্গেট করে বেইরুটে বোমাবর্ষণ করছে ইজরায়েল। বৃহস্পতিবার এর আগেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাষ্ট্রসঙ্ঘ, আমেরিকা, ফ্রান্স সহ আরব দুনিয়ার বেশ কয়েকটি দেশের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। তারপরেই দক্ষিণ লেবানন থেকে ঘরছাড়া হাজার হাজার মানুষ বেইরুটের দিকে চলে যাওয়ায় এখন রাজধানী শহরকে টার্গেট করেছে ইজরায়েল।
নেতানিয়াহু এদিনই জানিয়ে দেন, যুদ্ধবিরতিতে যাওয়ার খবর সত্য নয়। লেবাননে হিজবুল্লা টার্গেটে হামলা চলবেই। এই অবস্থায় বিমান থেকে গোলা বর্ষণের পাশাপাশি ইজরায়েলি সেনা স্থলভাগ দিয়ে লেবাননে ঢুকবে বলে প্রস্তুতি নিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা এমনটা সত্যি হলে যুদ্ধ পরিস্থিতি আরও বিগড়ে যাবে। অনেকেরই ধারণা, হিজবুল্লারা হামাস নয়। ফলে কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে ইজরায়েল।
লেবাননে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার ডাক্তার-কর্মী সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার মুখে। কারণ দলে দলে শরণার্থী উত্তর লেবাননের দিকে ছুটে আসছেন প্রাণ বাঁচাতে। এর মধ্যে মহিলা-শিশুর সংখ্যা বেশি। প্রতি ঘণ্টায় সংখ্যা বাড়ছে, এর মধ্যে বোমায় জখমরাও রয়েছেন।
এমনই এক উদ্বাস্তু তরুণী খাদিজা বাসমা বলেন, তিনি তিয়ারের কাছে একটি শহরে থাকতেন। ইজরায়েলি বোমাবর্ষণে সপরিবারে এই তরুণী ঘর ছাড়েন। লেবাননের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জানান, সামান্য কিছু জিনিস নিয়ে তাঁরা ঘরে ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন। তাঁরা উত্তর দিকে রওনা দিলেও সব রাস্তাই লোকে লোকারণ্য। যে পথ যেতে আধঘণ্টা লাগার কথা সেই পথ পেরতে তাঁদের ১১ ঘণ্টার মতো লেগেছে। গোটা দেশ জুড়ে হাহাকার চলছে।
ইজরায়েলি হামলার জেরে লেবাননে বাস করা বিদেশি লোকজনদের নিজ নিজ দেশ ফেরত নেওয়ার কাজও শুরু করেছে। ভারতীয়দের লেবাননে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল, ব্রিটেন, আমেরিকা সব দেশই তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। কারণ এখনও বেইরুট বিমানবন্দর খোলা রয়েছে, কেউ কেউ সমুদ্রপথেও নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে।