প্রথম ১৪ দিনে বিমান, জাহাজ ও যুদ্ধযান মিলিয়ে খরচ হয়েছে ১৫০-২৭০ মিলিয়ন লিটার জ্বালানি। এর থেকেই তৈরি হয়েছে ৫.২৯ লক্ষ টন গ্রিন হাউস গ্যাস (CO₂e)।

যুদ্ধের জেরে দূষণ বাড়ছে
শেষ আপডেট: 22 March 2026 18:51
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার সংঘাতে (Middle East Tension) কেবল শুধু প্রাণহানি আর ধ্বংসই ঘটছে না, মাত্র দু'সপ্তাহে বিপুল মাত্রায় বেড়েছে দূষণ। নতুন এক পরিবেশ-ভিত্তিক বিশ্লেষণে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য, মাত্র দু'সপ্তাহে এই যুদ্ধের কারণে থেকে পাঁচ মিলিয়ন টন (৫০ লক্ষ টন) গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়েছে। ৮৪টি ছোট দেশ মিলিয়ে যতটা কার্বন নিঃসরণ করে (global carbon budget), এই পরিমাণ তার থেকেও বহুগুণ বেশি। বিশ্লেষকদের মতে, পরিবেশের উপর এর দীর্ঘমেয়াদি প্রভাব ভয়ঙ্কর হতে পারে।
ধ্বংস হওয়া ভবনই সবচেয়ে বড় দূষণের উৎস
ইরানের (Iran) এক সংস্থা জানিয়েছে, ২০ হাজারের বেশি ভবন আমেরিকা ও ইজরায়েলের হামলায় (US ISrael Strike) ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধ্বংসস্তূপ থেকেই প্রায় ২৪ লক্ষ টন গ্রিন হাউস গ্যাস (Green House gas) নির্গত হয়েছে। বোমা হামলায় ভাঙা কংক্রিট, ধুলো, বিষাক্ত রাসায়নিক বাতাসে মিশে গিয়ে দূষণ অনেকগুণ বাড়িয়ে দেয় (US Israel attacks environmental impact)।
যুদ্ধবিমান, বোমারু জেট ও নৌবহরের সার্বক্ষণিক অপারেশন
পরিবেশ-গবেষণায় বলা হয়েছে, স্টেলথ বোমারু বিমান, যুদ্ধবিমান, মার্কিন নৌবাহিনীর বিশাল ফ্লিট এবং এগুলোর ২৪ ঘণ্টার অভিযান দূষণ আরও বাড়িয়েছে। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষক বেঞ্জামিন নিইমার্ক বলেন, “নৌবাহিনীর বিশাল জাহাজগুলো ভাসমান শহরের মতো। এগুলো চালাতে প্রচুর জ্বালানি লাগে।” হামলায় ইরানের তেল শোধনাগার ধ্বংস হওয়ায় বিষাক্ত ধোঁয়া ও অ্যাসিড বৃষ্টি পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
বোমারু বিমান ও যুদ্ধযানেই এসেছে ৫.২ লক্ষ টন দূষণ
প্রথম ১৪ দিনে বিমান, জাহাজ ও যুদ্ধযান মিলিয়ে খরচ হয়েছে ১৫০-২৭০ মিলিয়ন লিটার জ্বালানি। এর থেকেই তৈরি হয়েছে ৫.২৯ লক্ষ টন গ্রিন হাউস গ্যাস (CO₂e)।
যুদ্ধসরঞ্জাম ধ্বংস- আরও ১.৭২ লক্ষ টন দূষণ
এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র হারিয়েছে ৪টি বিমান, ইরান হারিয়েছে ২৮টি বিমান, ২১টি নৌযান, ৩০০টি মিসাইল লঞ্চার। এসব সরঞ্জাম ভেঙে পড়ার সময়ও অনেক দূষণ তৈরি হয়েছে। এছাড়া ব্যবহৃত মিসাইল ও ড্রোন মিলিয়ে আরও ৫৫ হাজার টন গ্রিন হাউস গ্যাস যুক্ত হয়েছে।
দু'সপ্তাহেই দূষণ কুয়েত বা আইসল্যান্ডের এক বছরের সমান
সব মিলিয়ে যুদ্ধের (US-Israeli strikes in Iran) প্রথম দু'সপ্তাহে দূষণ হয়েছে ৫০ লক্ষ ৫৫ হাজার ১৬ টন, যা কুয়েত, আইসল্যান্ড বা অন্য কোনও ছোটখাটো জ্বালানিনির্ভর দেশের বার্ষিক দূষণের সমান। ক্লাইমেট অ্যান্ড কমিউনিটি ইনস্টিটিউটের গবেষক প্যাট্রিক বিগার সতর্ক করেছেন, “প্রতিটি মিসাইল হামলা পৃথিবীকে আরও উত্তপ্ত, আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।”