
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 20 January 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: হজরত মহম্মদকে অপমানের অভিযোগে জনপ্রিয় গায়ক আমির হোসেন মাগসুদলু ওরফে তাতালুকে মৃত্যুদণ্ডের সাজা দিল ইরানের এক আদালত।
ওই গায়ক ব্লাসফেমি বা ধর্মবিদ্বেষ ছড়ানোর অভিযোগে দোষী সাব্যস্ত হন। স্থানীয় সংবাদমাধ্যমের তরফে সাজার বিষয়টি রবিবার সামনে আনা হয়।
ইরানের এক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট বলছে, 'সুপ্রিম কোর্ট আগের পাঁচ বছরের কারাদণ্ডের ক্ষেত্রে প্রসিকিউটরের আপত্তি মেনে নেয়।' কিন্তু মামলাটি ফের আদালতে ওঠে। এবং আবার এই অবমাননার জন্য গায়ককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
তবে, আদালতে তরফে জানানো হয়েছে, এই সাজাই চুড়ান্ত নয়। চাইলে গায়ক উচ্চ আদালতে আপিল করতে পারেন।
৩৭ বছর বয়সি ওই গায়ক ২০১৮ থেকে ইস্তানবুলে বসবাস করছিলেন। ২০২৩-এর ডিসেম্বরে তুরস্কের পুলিশ তাঁকে ইরানের কাছে হস্তান্তর করে। তার পর থেকে ইরানেই ছিলেন তিনি।
হজরত মহম্মদকে অপমান করা ছাড়াও তাতালুকে আরও ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল 'পর্নোগ্রাফি প্রচার'-এর জন্য এবং অন্য একটি মামলায় তাঁকে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে 'প্রচার' চালানো এবং 'অশ্লীল কন্টেন্ট' প্রকাশ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।