Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গভীর রাতে ধেয়ে এল ২০০ মিসাইল, কাকভোরেই রণে ভঙ্গ ইরানের

আশঙ্কা ছিলই। প্রায় সাজো সাজো রব ছিল মধ্যপ্রাচ্য জুড়ে। ভূমধ্যসাগরের দিকে ঘোরানো হয়েছিল একাধিক যুদ্ধজাহাজ। আতঙ্কের প্রহর গুণছিল ইউরোপ। বিনিদ্র রজনী কাটিয়েছে নয়াদিল্লির সাউথ ব্লক। শেষ পর্যন্ত, রবিবার গভীর রাতেই তা সত্যি হল। 

গভীর রাতে ধেয়ে এল ২০০ মিসাইল, কাকভোরেই রণে ভঙ্গ ইরানের

শেষ আপডেট: 14 April 2024 17:55

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কা ছিলই। প্রায় সাজো সাজো রব ছিল মধ্যপ্রাচ্য জুড়ে। ভূমধ্যসাগরের দিকে ঘোরানো হয়েছিল একাধিক যুদ্ধজাহাজ। আতঙ্কের প্রহর গুণছিল ইউরোপ। বিনিদ্র রজনী কাটিয়েছে নয়াদিল্লির সাউথ ব্লক। শেষ পর্যন্ত, রবিবার গভীর রাতেই তা সত্যি হল। 

শনিবার মধ্যরাতের প্রহর কাটতেই ইজরায়েল লক্ষ্য করে একসঙ্গে দু'শোরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল ইরান। সংবাদসংস্থা সিএনএন সূত্রের খবর, ইরানি ভূখণ্ডের পাশাপাশি সিরিয়া, জর্ডন, লেবানন এমনকী ইয়েমেনের হুথি বিদ্রোহীদের এলাকা থেকেও ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। মধ্যরাত থেকেই ইজরায়েলের একাধিক রাডার যন্ত্রে ধরা পড়তে থাকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের ছবি। 

গোটা ইজরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। আশঙ্কায় আগে থেকেই বন্ধ ছিল ইজরায়েলের আকাশসীমা। বন্ধ ছিল তেল আভিভের ডেভিড বেন গুরিয়ন বিমানবন্দরে বিমানের ওঠানামা। বিপদ বুঝে জর্ডন, লেবানন-সহ একাধিক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। লুফথহানসার মত একাধিক আন্তর্জাতিক উড়ান সংস্থা তাদের উড়ান বাতিল করেছিল। রাত বাড়তেই দেখা যায়, তেল-আভিভ সহ একাধিক শহরের আকাশে দীপাবলির হাউইবাজির মত উড়ে যাচ্ছে জ্বলন্ত আগুনের গোলা! 

'ঠিক কোনটা মিসাইল আর কোনটা ইন্টারসেপ্ট, বুঝে উঠতে পারছি না। শুধু আলোর ওড়াউড়ি দেখছি আর কানে আসছে বিস্ফোরণের আওয়াজ', বলছেন ইজরায়েলে সিএনএন প্রতিনিধি নিক রবার্টসন।

তবে ইরান আক্রমণ চালালেও দিনের শেষে তেমন ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি ইজরায়েলকে। প্রায় ৫ ঘণ্টা ধরে মধ্যপ্রাচ্যের একাধিক জায়গা থেকে উড়ে এসেছে ক্ষেপণাস্ত্র। কিন্তু ইজরায়েলের সম্পূর্ণ এলাকার মধ্যেই রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র রোধক যন্ত্র ও একাধিক 'সারফেস টু এয়ার' ইন্টারসেপ্ট করার মত অত্যাধুনিক এয়ার-ডিফেন্স ব্যবস্থা। যার ফলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলে স্বয়ংক্রিয়ভাবেই তা আটকে দিতে পারে ইজরায়েল। রবিবার সকালে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, 'আমরা পাশে ছিলাম, প্রায় সবক'টি ক্ষেপণাস্ত্রকেই ব্যর্থ করা গিয়েছে।' 

ইজরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি যদিও স্বীকার করেছেন, কয়েকটি ক্ষেপনাস্ত্র ইজরায়েলি অঞ্চলে হামলা চালাতে পেরেছে। 'বিশেষ করে কিছু সেনাঘাঁটিতেই হালকা থেকে মাঝারি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের খবর নেই', বলেছেন হাগারি। ইজরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, তারা বছরসাতেকের এক বেদুইন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। সম্ভবত ভেঙে পড়া কোনও কিছুর আঘাতেই সে জখম হয়েছে। 

রবিবার কাকভোরেই যদিও রণে ভঙ্গ দিয়েছে ইরান। রাষ্ট্রপুঞ্জে ইরানের প্রতিনিধি জানিয়েছেন, 'আপাততভাবে এই হামলাকে 'সম্পূর্ণ' বলে ধরা যেতে পারে। তবে ইজরায়েল পাল্টা কিছু করলে কিন্তু ইরান আরও বড়মাপের আক্রমণ শানাবে।' সব মিলিয়ে, আশঙ্কার মধ্যেই খানিক স্বস্তি পশ্চিমী দুনিয়ায়।


```