
একের পর এক ক্ষেপনাস্ত্র হামলা।
শেষ আপডেট: 2 October 2024 00:55
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কায় সত্যি হল! ইজরায়েল সেনার ওপর প্রত্যাঘাত শুরু করল ইরান।
সংবাদ সংস্থা সূত্রের খবর, ইজরায়েলি সেনার ট্যাঙ্ক বহর দক্ষিণ লেবাননে প্রবেশের পরই এদিন সন্ধে থেকে পাল্টা প্রত্যাঘাত শুরু করেছে ইরান। এই মুহূর্তে ইজরায়েলের রাজধানী তেল আভিবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান সেনা।
বিগত কয়েকদিন ধরে লেবাননে টানা এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। ধ্বংস করেছে একাধিক হিজবুল্লা ঘাঁটি। এই গোষ্ঠীর প্রধান সহ আরও অনেক শীর্ষ নেতাকেও তাঁরা নিকেশ করেছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এয়ারস্ট্রাইক নয়, লেবানেন ঢুকে হিজবুল্লা ঘাঁটি ধ্বংস করতে শুরু করে ইজরায়েল সেনাবাহিনী।
সন্ধেয় ইরান সেনার তরফে শুরু হল পাল্টা প্রত্যাঘাত। সংবাদ সংস্থা সূত্রের খবর, ইজরায়েলের রাজধানী তেল আভিবকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান সেনা।
ইরানের হামলার কথা স্বীকার করে নিয়ে এক বার্তায় ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে তাঁরা সফল ভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলা করছে। একই সঙ্গে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লাকে মারার পর মনে করা হয়েছিল আইডিএফ কিছুটা শান্ত হবে। কিন্তু তেমনটা হয়নি। বরং হামলার ঝাঁজ আরও বাড়ানো হয়েছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আক্রমণ বন্ধ রাখার প্রস্তাব এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ফোন করে শান্তির বার্তা দিয়েছেন। কিন্তু কারও কথারই আপাতত গুরুত্ব দেননি ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বরংং আইডিএফ লেবাননে ঢুকে অভিযান শুরু করে।
এবার ইরান সেনা পাল্টা প্রত্যাঘাত শুরু করায় আরও বড় যুদ্ধের পরিস্থিতি তৈরি হল বলেই মনে করা হচ্ছে।