
শেষ আপডেট: 9 January 2024 01:10
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে আলাস্কা বিমানে ঘটে গিয়েছিল বড়সড় এক দুর্ঘটনা। মাঝ আকাশে আচমকাই খুলে যায় বিমানের দরজা। হুহু করে হাওয়া ঢুকতে থাকে বিমানের মধ্যে। দুর্ঘটনাটি যখন ঘটে তখন বিমানটি মাটি থেকে ১৬ হাজার ফুট উঁচুতে ছিল। হাওয়ার তোড়ে অনেক কিছুই বিমান থেকে নীচে পড়ে যায়। তার মধ্যে ছিল এক যাত্রীর আইফোনও! ঘটনার দিন তিনেক পর সেই ফোনটির খোঁজ মিলল। একেবারে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে সেটি!
সেয়ানাথন বেটস নামে এক টুইটার ব্যবহারকারী একটি পোস্ট করেছেন। তাতে একটি আইফোনের ছবি দেওয়া আছে। ফোনটির স্ক্রিন ভাঙা থাকলে মোবাইলের তেমন কোনও ক্ষতি হয়নি। মোবাইলটি চালু অবস্থায় পেয়েছেন বলে দাবি করেছেন সেয়ানাথন। তাতে এয়ারপ্লেন মোড অন ছিল, আর ব্যাটারি আয়ু অর্ধেক ছিল। টুইটে আরও দাবি করা হয়েছে, মোবাইলটি রাস্তার পাশে পাওয়া গেছে। এই আইফোনটি আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট বোয়িং ১২৮২-এর কোনও যাত্রীর বলেই দাবি করা হয়েছে।
Found an iPhone on the side of the road... Still in airplane mode with half a battery and open to a baggage claim for #AlaskaAirlines ASA1282 Survived a 16,000 foot drop perfectly in tact!
— Seanathan Bates (@SeanSafyre) January 7, 2024
When I called it in, Zoe at @NTSB said it was the SECOND phone to be found. No door yet???? pic.twitter.com/CObMikpuFd
আইফোনের কোন মডেল তা এই টুইটে নিশ্চিত করা হয়নি। তবে নেটিজেনদের কেউ কেউ দাবি করছেন এটি আইফোন ১৪ প্রো। আবার কেউ কেউ বলছেন আইফোন ১৫ প্রো। আবার অনেকের কাছেই এমন ঘটনা বিষ্ময় জাগিয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, পুরোটাই মিথ্যে। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে মস্করা করতেও ছাড়ছেন না।
উল্লেখ্য, শুক্রবার রাতে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট বোয়িং ১২৮২ ক্যালিফোর্নিয়ার দিকে রওনা দিয়েছিল। বিমানে ১৭১ জন যাত্রী ছিলেন। আর ৬ জন বিমানকর্মী। কিন্তু উড়ান শুরু করার সঙ্গে সঙ্গেই বড় বিপদের সম্মুখীন হয়।
বিমানবন্দর ছেড়ে আলাস্কা এয়ারলাইন্সের ওই বিমানটি মাটি থেকে ১৬ হাজার ফুট ওপরে উঠে যায়। সেই সময় আচমকাই হাওয়ার দাপটে প্লেনের একটি দরজা খুলে যায়। তড়িঘড়ি বিমানটি ফের পোলান্ড বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।