
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 December 2024 18:57
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় পর্যটকদের জন্য খুশির খবর। এবার থেকে রাশিয়া যেতে গেলে আর কোনও ভিসা লাগবে না। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, টুরিস্ট ভিসা ছাড়াই এবার পৌঁছে যাওয়া যাবে রাশিয়ায়।
নতুন বছরের শুরুর দিকেই মিলতে পারে সুখবর। ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ভারতীয় পর্যটকদের রাশিয়া যেতে ই-ভিসা লাগে। কিন্তু এবার ভারতীয় পাসপোর্ট দেখালেই সে দেশে প্রবেশের অনুমতি মিলবে।
চলতি বছরের জুন মাসেই নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ভিসা বিধি নিয়ে একপ্রস্থ আলোচনা হয়। সেই বৈঠকেই উঠে আসে ভারতীয়দের ভিসা ছাড়াই রাশিয়ায় পর্যটনের বিষয়টি।
রাশিয়ার তরফে জানানো হয়েছে, পর্যটন ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতেই ভিসা ফ্রি গ্রুপ টুরিস্ট এক্সচেঞ্জ নিয়ে আলোচনা হয়। ২০২৩ সালেই প্রায় ৯ হাজার ৫০০ পরীক্ষার্থীকে ই-ভিসা দিয়েছে মস্কো।
রাশিয়া যে সমস্ত দেশের নাগরিকদের ই-ভিসা দিয়ে থাকে তাঁর মধ্যে প্রথম পাঁচ দেশের মধ্যে রয়েছে ভারত। বেশিরভাগ ভারতীয়রা উচ্চশিক্ষা বা ব্যবসার কাজে রাশিয়া যান।
ভারতের পাসপোর্ট থাকলে ৬২টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি মেলে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে রাশিয়ার নাম।