
গুরাশিস সিং
শেষ আপডেট: 6 December 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: ফের কানাডায় ভারতীয় পড়ুয়াকে খুনের অভিযোগ। গুরাশিস সিং নামে বছর বাইশের ওই ছাত্র সরনিয়ার ল্যাম্বটন কলেজে লেখাপড়া করতেন। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
কী কারণে এমন কাণ্ড?
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম ক্রসলে হান্টার। গুরাশিসের সঙ্গেই কানাডায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত সে। পয়লা ডিসেম্বর কুইন স্ট্রিটের ওই বাড়ি থেকেই পাঞ্জাবি পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বলে জানা গেছে।
তদন্তকারীদের মতে, কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। সে সময় আচমকাই সামনে পড়ে থাকা ছুরি গুরাশিসের বুকে বসিয়ে দেয় ক্রসলে।
একবার নয়, রাগ মেটাতে একাধিকবার ভারতীয় পড়ুয়ার শরীরে লাগাতার কোপ বসাতে শুরু করে সে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে উদ্ধার করে এবং গুরাশিসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
একসঙ্গে থাকার পরেও কেন অভিযুক্ত নিজের বন্ধুকে খুন করল তা জানার চেষ্টা করছে পুলিশ। বিজনেস ম্যানেজমেন্টের প্রথম বর্ষের ছাত্র ছিলেন যুবক।
ইতিমধ্যে ছাত্র মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে জানানো হয়েছে, আমরা গুরাশিসের পরিবার, প্রিয়জন ও বন্ধুদের সমবেদনা জানাই। কলেজে অনেকেই তাঁকে চিনত। ঘটনার তদন্ত চলছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। চাই অপরাধীর যেন কড়া শাস্তি হয়।