
দক্ষ গুপ্ত।
শেষ আপডেট: 4 December 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ২৩। এত অল্প বয়সেই স্টার্ট আপ শুরু করে বেশ ভাল কাজের জায়গা তৈরি করেছেন দক্ষ গুপ্ত (Daksh Gupta)। ভারতীয় বংশোদ্ভূত এই উদ্যোক্তার প্রতিষ্ঠিত সফ্টওয়্যার কোম্পানি ‘গ্রেপটাইল’-এর সাফল্যও নানা মহলে চর্চিত। কিন্তু সম্প্রতি দক্ষ গুপ্ত চরম বিতর্কের মুখে পড়েছেন সংস্থার কঠোর কাজের নীতি নিয়ে। কারণ, তাঁর কোম্পানিতে সপ্তাহে ৮৪ ঘণ্টা ওয়ার্ক আওয়ার।
কয়েক দিন আগেই এই নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন দক্ষ। কিন্তু তার পরেও তিনি অবস্থান থেকে সরা দূরের কথা, বরং আরও জোর দিয়ে বলেছেন, তাঁর সংস্থার নিয়ম নিয়ে তিনি কোনও আপস করবেন না। তাঁর কথায়, গ্রেপটাইলের কাজের পরিবেশ একটি ‘রকেট লঞ্চ’-এর মতো, যা দ্রুত সাফল্য অর্জনের জন্যই ডিজাইন করা হয়েছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দক্ষ বলেন, ‘যখন সমান প্রতিভার দুটি দল একটি সমস্যা সমাধান করার চেষ্টা করে আলাদা ভাবে, তখন তারাই সফল হয়, যারা বেশি পরিশ্রম করে।’ তাই তাঁর মতে, কঠোর পরিশ্রম সাফল্যের একটি অপরিহার্য উপাদান। পাশাপাশি অবশ্য তিনি এও স্বীকার করেছেন, যে এমন কাজের চাপ সবার জন্য উপযুক্ত নয়।
গ্রেপটাইলের কাজের পরিবেশ নিয়ে আলোচনা শুরু হয় দক্ষের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি লেখেন, ‘আমাদের কাজ শুরু হয় সকাল ৯টা থেকে এবং শেষ হয় রাত ১১টায় বা তারও পরে। আমরা শনিবার তো কাজ করিই এবং মাঝেমাঝে রবিবারও কাজ করি। ...আমাদের কোম্পানিতে মিডিওকারদের কোনও জায়গা নেই।’
recently i started telling candidates right in the first interview that greptile offers no work-life-balance, typical workdays start at 9am and end at 11pm, often later, and we work saturdays, sometimes also sundays. i emphasize the environment is high stress, and there is no…
— Daksh Gupta (@dakshgup) November 9, 2024
এই পোস্টের পরে সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনকি দক্ষ নাকি খুনের হুমকিও পেয়েছেন এর জেরে, এমনটাই দাবি করেছেন তিনি। তিনি বলেন, ‘আমার ইনবক্সে ২০ শতাংশ হুমকি এবং ৮০ শতাংশ চাকরির আবেদন।’
দক্ষর অবশ্য এই নিয়ে বিশেষ হেলদোল নেই। বরং তিনি নিজের কথার সপক্ষেই যুক্তি দিয়ে বলতে থাকেন, এই কঠোর কর্মসংস্কৃতি মূলত সিলিকন ভ্যালির কাজের ধারা থেকে প্রভাবিত, যা তাঁকে আমেরিকান করে তুলেছে। নিজের ভারতীয় পরিচয়কেও একরকম অস্বীকারই করেন দক্ষ।
দক্ষের এই বক্তব্য এবং মানসিকতা কাজের গতি, দক্ষতা এবং দীর্ঘস্থায়ী সাফল্য নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। তবে চাপ নিয়ে এত বিতর্ক সত্ত্বেও, অনেকেই দক্ষ গুপ্তর দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেছেন। এমনকি প্রচণ্ড চাপ নিয়ে গ্রেপটাইলে জয়েন করার ইচ্ছাও প্রকাশ করেছেন।