
সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দর
শেষ আপডেট: 26 August 2024 12:29
দ্য ওয়াল ব্যুরো: ভিসা না থাকায় ব্রাজিলে আটকে পড়েছেন ৬৫০-এরও বেশি এশীয় অভিবাসী। এঁদের মধ্যে অনেক ভারতীয়ও রয়েছেন। নেপাল, ভিয়েতনামের কিছু বাসিন্দাও রয়েছেন। জানা গেছে, সাও পাওলোর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে রয়েছেন তাঁরা। গত কয়েক সপ্তাহ ধরেই তাঁরা ব্রাজিলে ঢোকার অপেক্ষা করছেন।
ব্রাজিলের ‘পাবলিক ডিফেন্ডার’ দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানবন্দরেই আলাদা জায়গা করে রাখা হয়েছে তাঁদের। জানা যাচ্ছে, খুবই খারাপ অবস্থায় থাকতে হচ্ছে তাঁদের। ঠিকমতো জল-খাবারও জুটছে না। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, ঠান্ডায় কাঁপছে শিশুরা। এসবের মধ্যেই, কয়েক দিন আগে, ঘানা থেকে আসা এমনই এক অভিবাসীর মৃত্যু হয়েছে ব্রাজিলে। তিনি আটক অবস্থায় মারা গেছেন নাকি হাসপাতালে, তা জানা যায়নি।
কানাডা বা উত্তর আমেরিকা যাওয়ার জন্য ব্রাজিলের এই শহরকে বেছে নেন বহু এশীয় অভিবাসী। তাঁদের মধ্যে অনেকেই ব্রাজিলে থেকে যাওয়ার জন্যও অনুমতি চান। মানবিকতার খাতিরে অনেক সময় মেনেও নেওয়া হয়। এক্ষেত্রেও সেই আর্জিই জানিয়েছেন, পাবলিক ডিফেন্ডার দফতরের ওই মুখপাত্র।
প্রসঙ্গত, ব্রাজিল সরকার ২৭ অগস্ট থেকে অভিবাসন সংক্রান্ত নীতিতে কিছু বদল আনতে চলেছে। এশিয়ার কয়েকটি দেশের জন্য নিষেধাজ্ঞাও জারি হতে পারে। এখন এই আটকে থাকা অভিবাসীদের জন্য সেই নতুন নীতি কার্যকর হবে কিনা, সেটাই দেখার।