
শেষ আপডেট: 12 November 2023 19:13
দ্য ওয়াল ব্যুরো: গত পাঁচ সপ্তাহ ধরে চলছে ইজরায়েল-হামাস সংঘর্ষ। দিনকেদিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। এই আবহে রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনে ইজরায়েলি বসতি স্থাপনের নিন্দা প্রস্তাবে সমর্থন করল ভারত। সবমিলিয়ে ১৪৫টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে ভোটদানে অনুপস্থিত ছিল ১৮টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সাতটি দেশ।
ইজরায়েলে হামাসের হামলার পর প্যালেস্তাইনের পাশে থাকার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের পোস্টে হামাসের হামলার নিন্দা করেছিলেন তিনি। আর এবার রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনে ইজরায়েলি বসতি স্থাপনের নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিল ভারত।
সংশ্লিষ্ট প্রস্তাবে পূর্ব জেরুজালেম ও অধিকৃত সিরিয়ার গোলান-সহ প্যালেস্টাইন (Palestine) ভূখণ্ডের সমস্যা সমাধানে ইজরায়েলি (Israel) পদক্ষেপের নিন্দা করা হয়। গত ২০ নভেম্বর খসড়া প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে কানাডা, হাঙ্গেরি, মার্শাল দ্বীপপুঞ্জ ও আমেরিকা-সহ মোট সাতটি দেশ।
প্রসঙ্গত, কিছু দিন আগেই ইজরায়েল-হামাসের মধ্যে চলতি সংঘাতে যুদ্ধবিরতি চেয়ে রাষ্ট্রপুঞ্জে জর্ডনের আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে গরহাজির থেকেছিল ভারত।
হামাস-ইজরায়েল সংঘর্ষ শুরুর পর কেটে গিয়েছে এক মাসেরও বেশি সময়। বিগত ৩৫ দিনে একাধিকবার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে ইজরায়েলি সরকার। যদিও সম্প্রতি উত্তর গাজায় রোজ ঘণ্টা চারেকের জন্যি অভিযান বন্ধ রাখতে রাজি হয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। তবে সামগ্রিকভাবে পরিস্থিতি যে কবে স্বাভাবিক হবে তা নিয়ে আপাতত কোনও আভাস মেলেনি।