
শেষ আপডেট: 26 March 2024 12:10
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অঞ্জলিকে মন দিয়েছিলেন পাকিস্তানের সুফি। প্রেম চলেছিল পাঁচ বছর। সমকাম নিয়ে যতই নাক সিঁটকানো থাকুক না কেন, তাতে কিচ্ছু যায় আসেনি ভারত ও পাকিস্তানের দুই তরুণীর। খোলাখুলি একে অপরকে প্রেম নিবেদন করেছিলেন তাঁরা। বৃষ্টি ভেজা সকালে দুই তরুণীর ঠোঁটে ঠোঁকে ব্যারিকেড দেখে আবেগে ভেসেছিল গোটা নেট সমাজ। ২০১৯ সালের ‘সেনসেশন’ হয়ে উঠেছিল অঞ্জলি-সুফির প্রেম। কিন্তু সম্পর্ক টিকল না। রাস্তা আলাদা হল দুজনের। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে পাকিস্তানের সুফি মালিক স্বীকার করলেন, তিনি ঠকিয়েছেন ভারতের অঞ্জলি চক্রকে।
২০১৯ সাল থেকে বন্ধুত্ব। তারপরেই মন দেওয়ানেওয়া। পরিবার ভেবেছিল দুই সই। কিন্তু পরে প্রকাশ্যে ভালবাসার আলিঙ্গনে জড়িয়ে একে অপরকে চুমু খেয়ে তাঁরা বার্তা দিয়েছিলেন, শুধু সখী নয়, তাঁরা দু’জন জীবনসঙ্গীও হতে চান। চমকে উঠেছিল রক্ষণশীল পরিবার। কিন্তু প্রেমের পথে বাধা হতে পারেননি কেউই। নিউ ইয়র্কে লিভ-ইন শুরু করেছিলেন অঞ্জলি-সুফি।
উত্তর পাকিস্তানের মেয়ে সুফির সঙ্গে অঞ্জলির আলাপ নিউ ইয়র্কেই। প্রথম দর্শনেই ভাল লাগা, তার থেকে প্রেম। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে প্রথম হাত ধরা থেকে প্রথম ঠোঁটে ঠোঁট, দু’জনে মনে রেখেছেন প্রতিটা বিশেষ মুহূর্ত। সেইসব ছবি ভাগও করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের ভালবাসার ছবি ভেসে গিয়েছে হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যায়। নেটিজেনরা কিন্তু অশালীনতা খুঁজে পাননি কোথাও। অঞ্জলি-সুফির প্রেমকে বাঁকা চোখে দেখেননি কেউ। বরং দুই দেশের দুই তরুণীর নিঃশর্ত ভালবাসার মধ্যে পারস্পরিক বিশ্বাস ও ভরসার অঙ্গীকার খুঁজে পেয়েছিলেন সকলে।
View this post on Instagram
কিন্তু সেই বিশ্বাস ভাঙল। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে পাকিস্তানের সুফি মালিক বলেছেন, “আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার প্রেমের মনে আঘাত দিয়েছি। প্রচণ্ড কষ্ট দিয়েছি অঞ্জলিকে। বিয়ের আগে আমি ওকে ঠকিয়েছি। আমি আমার ভুল স্বাকীর করছি। শুধু আমার প্রেমকে নয় আমার পরিবার, বন্ধুবান্ধব, ঘনিষ্ঠদেরও মনে আঘাত দিয়েছিল।”
View this post on Instagram
রাস্তা আলাদা হয়ে গেলেও একে অপরের প্রতি কোনও ক্ষোভ বা ঘৃণা নেই দুজনেরই। সুফির স্বীকারোক্তির পরেই নিজের ইনস্টা প্রোফাইলে পোস্ট করে অঞ্জলি জানিয়েছেন, এই পাঁচ বছরের সম্পর্কে অনেক কিছুই পেয়েছেন তিনি। সুফির প্রতি কোনও রাগ বা অভিমান নেই। পাঁচ বছরের প্রতিটা মুহূর্ত তাঁর কাছে গুরুত্বপূর্ণ, খুব সুন্দর সময় কাটিয়েছে, অসংখ্য ভাল স্মৃতি রয়েছে। এটা দুর্ভাগ্য যে এই জার্নি এখানেই শেষ হচ্ছে, কিন্তু সুফির প্রতি কোনও খারাপ ভাবনা নেই তাঁর। আগামী দিনেও থাকবে না।