
ইমরান খান
শেষ আপডেট: 15 July 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে নিষিদ্ধ হওয়ার পথে পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)। দেশটির সাবেক শাসক দল তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের এই পার্টির বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ এনেছে বর্তমান সরকার।
পাক সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার সোমবার বলেন, সরকারের কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে ইমরানের দলের বিরুদ্ধে। পাকিস্তানি আইনে দেশবিরোধী কার্যকলাপে যুক্ত কোনও দলের রাজনীতি করার অধিকার নেই।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গত বছর থেকে জেল বন্দি। তাঁকে লোহোরের আদিলাবাদ জেলে আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করেছে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এছাড়া সেনা আইনে মামলা করেছে সেনা বাহিনী। সেনার মামলায় ইমরানের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সেনা ছাউনিতে আক্রমণের অভিযোগ আনা হয়েছে। তাতে ইমরান ইন্ধন জুগিয়েছেন বলে অভিযোগ করেছে সেনা।
ইমরানের দল নিষিদ্ধ হয়ে গেলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ আরও বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়বে সন্দেহ নেই। পাকিস্তানের নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট আগেই সাবেক প্রধানমন্ত্রীর ভোটে লড়াইয়ের সুযোগ কেড়ে নিয়েছে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর। ইমরানের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশ থেকে পাওয়া উপহার সামগ্রী সরকারি তোষাখানায় জমা না করে সেগুলি মোটা টাকায় বিক্রি করেছেন।
তবে সাম্প্রতিত অতীতে একাধিক মামলায় ইমরান জামিনও পেয়েছেন। এই পরিস্থিতিতে তাঁর দল নিষিদ্ধ হয়ে গেলে সঙ্গীসাথীরা কতদিন পাশে থাকবেন সে প্রশ্নও সামনে আসছে।
দু বছর আগে সংসদে ভোটাভুটিতে হেরে যাওয়ার পর পরই প্রধানমন্ত্রিত্ব খুইয়ে রাজপথে আন্দোলনে নামেন দ্রুত নির্বাচনের দাবিতে। ভোটের সময় যদিও তিনি জেলবন্দি ছিলেন। তবু তাঁর দল সবচেয়ে ভাল ফল করে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাঁর দল সবচেয়ে বেশি আসন জিতেছিল। ইমরানের দলকে ক্ষমতা থেকে দূরে রাখতেই হাত মেলায় দীর্ঘদিনের প্রতিপক্ষ পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এবং পাকিস্তান পিপলস পার্টি। এখন সরকারিভাবে পিটিআই নিষিদ্ধ হয়ে গেলে পাকিস্তানের রাজনীতি কোন খাতে বয় সেটাই দেখার।