
এই সুড়ঙ্গের খোঁজ মিলেছে বলে দাবি
শেষ আপডেট: 11 November 2024 12:42
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় বারবার এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। এই নিয়ে সমালোচনা শুরু হওয়ায় তাঁরা ভিডিও প্রকাশ করে দাবি করেছিল, জনসাধারণের বাড়ির তলাতেই ২০ বছর ধরে অস্ত্রভাণ্ডার সাজিয়ে রেখেছে হিজবুল্লা। এবার ইজরায়েল সেনা আরও একটি ভিডিও প্রকাশ্যে এনেছে। তাতে দেখা যাচ্ছে, কবরস্থানের নীচে বিরাট অস্ত্রভাণ্ডার রয়েছে হিজবুল্লার।
এয়ারস্ট্রাইকের পর লেবাননে সার্জিক্যাল স্ট্রাইকও শুরু করেছে আইডিএফ। তারপর থেকে হিজবুল্লার একাধিক শীর্ষ নেতাকে তাঁরা খতম করেছে বলে দাবি করেছে। এবার জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে একাধিক সুড়ঙ্গের খোঁজ পাচ্ছে ইজরায়েল সেনা। সম্প্রতি দক্ষিণ লেবাননের একটি অংশে বেশ কয়েকটি সুড়ঙ্গের খোঁজ পেয়েছে আইডিএফ। তার মধ্যেই একটি ছিল কবরস্থানের তলায়। সেই সুড়ঙ্গ আদতে অস্ত্রভাণ্ডার বলেই জানতে পেরেছে ইজরায়েল।
আইডিএফ-এর তরফে যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ওই সুড়ঙ্গের ভিতরে বিপুল অস্ত্র রয়েছে। বন্দুক থেকে শুরু করে গ্রেনেড, রকেট লঞ্চার সহ একাধিক আগ্নেয়াস্ত্রর খোঁজ পেয়েছে তাঁরা। হিজবুল্লাকে কটাক্ষ করে আইডিএফ বলেছে, 'জীবিত বা মৃত কোনও মানুষের গুরুত্ব নেই ওদের কাছে।' যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
এর আগে ইজরায়েলের তরফে দাবি করা হয়েছিল, ২০ বছর ধরে দক্ষিণ লেবাননকে কার্যত নিজেদের লঞ্চ প্যাড বানিয়ে রেখেছে হিজবুল্লা। এখানকার প্রতি ২-৩ বাড়ি অন্তর সব বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা আছে তাদের।
⭕️ Operational update from Lebanon:
— Israel Defense Forces (@IDF) November 10, 2024
Multiple underground terrorist tunnels have been dismantled by our troops, including a tunnel that was strategically located under a cemetery.
Hezbollah doesn’t value human life—dead or alive. pic.twitter.com/77Ry4bQk0V
হামাস-ইজরায়েল যুদ্ধে হিজবুল্লা গোষ্ঠী হামাসের সমর্থন নিয়েছে। তার পর থেকেই কার্যত আরব দুনিয়ার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তবে সম্প্রতি হাসান নাসারাল্লার মৃত্যুর পর নাঈম কাশেম হিজবুল্লা প্রধানের দায়িত্বে এসে বড় বার্তা দিয়েছিলেন ইজরায়েলের উদ্দেশে। কাশেম শর্ত দিয়েছেন, আইডিএফ-কে লেবাননে হামলা করা পুরোপুরি বন্ধ করতে হবে। তাঁরা যদি আগ্রাসন কমিয়ে দেয় তাহলে হিজবুল্লাও শান্তির পথে হাঁটতে আগ্রহী। কিন্তু ইজরায়েল যদি এমনটা না করে, তাহলে হিজবুল্লা কোনও ভাবেই পাল্টা আক্রমণ থামাবে না।
INSIDE LOOK into a Hezbollah terrorist tunnel in southern Lebanon: pic.twitter.com/h3ZastZHxC
— Israel Defense Forces (@IDF) October 15, 2024
ইজরায়েল অবশ্য হিজবুল্লার শর্ত কতটা মানবে তা স্পষ্ট নয়। কারণ নাঈম কাশেম হিজবুল্লা প্রধান হওয়ার পরই নেতানিয়াহুর দেশ হুঁশিয়ারি দিয়েছে, 'এই নিয়োগ তো আর আজীবনের জন্য নয়। মাত্র কদিনই পদে থাকবে পারবেন!' তাই মনে করা হচ্ছে, হিজবুল্লার তরফে যে শর্ত দেওয়া হয়েছে তা বিশেষ পাত্তা দেবেন না ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।