
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 15 April 2025 08:44
দ্য ওয়াল ব্যুরো: দাবি মানা হয়নি! সেই কারণে আমেরিকার তথা বিশ্বের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে (Harvard University) 'শাস্তি' দিল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন। তাঁদের মোটা অঙ্কের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত রাখা হয়েছে একটি বিরাট অঙ্কের চুক্তিও। ট্রাম্প সরকারের এই সিদ্ধান্ত নিয়ে এখন আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও মাথা নত করতে রাজি নয়।
হামাস-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতির জন্য বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ে ইহুদি-বিদ্বেষী পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ তোলে ট্রাম্প প্রশাসন। কারণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে। সে কারণে তাঁরা ইহুদি-বিদ্বেষ বন্ধ করার জন্য কী কী করণীয়, এই প্রেক্ষিতে কিছু নির্দেশ দেয়। স্পষ্ট বলা হয়, ক্যাম্পাসের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপে ব্যর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলি। তাই তাঁদের নির্দেশ না মানলে 'শাস্তি' দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তেরই ঘোর বিরোধিতা করে হার্ভার্ড কর্তৃপক্ষ।
ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে হার্ভার্ড কর্তৃপক্ষ জানায়, সরকার যা বলছে তা তাঁদের শিক্ষাঙ্গনের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। বিশ্ববিদ্যালয় নিজের স্বাধীনতা হারাবে না এবং সাংবিধানিক কোনও অধিকারকেও ছিনিয়ে নিতে দেবে না। এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প প্রশাসন হার্ভার্ডকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধের ঘোষণা করে।
আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, হার্ভার্ডকে ২২০ কোটি ডলারের সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। ‘শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৬ কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখা হয়েছে।
কিন্তু হার্ভার্ডকে কী কী নির্দেশ দিয়েছিল ট্রাম্প প্রশাসন
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং অধ্যাপকদের দৃষ্টিভঙ্গি কী, সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছিল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ এবং পাঠ্যক্রমের ক্ষেত্রেও সরকারি ভাবনাকে গ্রহণ করতে বলেছে ট্রাম্প সরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, এইভাবে তাঁদের ওপর সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে।