
শেষ আপডেট: 9 April 2024 07:41
দ্য ওয়াল ব্যুরো: ক্ষীর খেয়ে বিষক্রিয়া! বিষাক্ত ক্ষীর খেয়ে নাকি হাসপাতালে ভর্তি হতে হল ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে। জানা গিয়েছে, পাকিস্তানে এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর অবস্থা এতটাই সঙ্কটজনক যে আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর। ত্রের খবর, সম্প্রতি অজ্ঞাত এক ব্যক্তি হাফিজের খাবারে বিষ মিশিয়ে দেন। এর ফলেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভারতীয় গোয়েন্দাদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা জঙ্গি।
পাক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রশাসনের কড়া নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসা চলছে হাফিজের।তবে এই খবরের সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। নেটিজেনদের কারও কারও বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটপ্রচারে পাকিস্তানকে ‘ঘর মে ঘুস কে মারেঙ্গে’র হুঁশিয়ারি দেওয়ার পরেই হাফিজ সইদের অসুস্থতার খবর সামনে এসেছে।
২০০৮ সালে হাফিজ সইদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসাবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। বহু বছর ধরে হাফিজ সইদকে খুঁজছে ভারতের গোয়েন্দারা। কোথাও তাঁর হদিশ পাওয়া যাচ্ছিল না। যদিও পরে জানা গিয়েছিল, পড়শি দেশ পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। কিন্তু পাকিস্তান তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার আবেদন ফিরিয়ে দেয়। সাতটি সন্ত্রাসমূলক হামলায় আর্থিক মদত দেওয়ার অভিযোগেই দোষী সাব্যস্ত হয়ে হাফিজ পাকিস্তানে জেল ঘাটছেন বলে জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ।
মুম্বই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকাতে রয়েছে লস্কর–ই–তৈবার প্রতিষ্ঠাতা। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছিল, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে জেলে বন্দি দশায় রয়েছেন হাফিজ সইদ। সন্ত্রাসমূলক ৭টি মামলায় আর্থিক মদত দেওয়ার অভিযোগেই ৭৮ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে।