
সুন্দর পিচাই, ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 21 November 2024 08:49
দ্য ওয়াল ব্যুরো: টেসলা কর্তা ইলন মাস্ক যে ডোনাল্ড ট্রাম্প সরকারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন তা স্পষ্ট। কিন্তু সেই ভূমিকা আদতে যতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, হয়তো তার থেকে অনেকটাই বেশি। কারণ এখন কার্যত ট্রাম্পকে যেই ফোন করছেন, তাঁর সঙ্গে কথা হচ্ছে ইলনের! সর্বশেষ উদাহরণ, গুগল সিইও সুন্দর পিচাই।
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করিয়েছিলেন ইলন মাস্কেরও। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, গুরুত্বপূর্ণ কোনও ইস্যুতে ট্রাম্প কতটা ভরসা করছেন মাস্ককে। এবার গুগল সিইও যখন ট্রাম্পকে ফোন করলেন, তখন তাঁর সঙ্গেও কথা হল ইলন মাস্কের।
আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা জানাতে ফোন করেছিলেন সুন্দর পিচাই। সেই সময়ই তাঁর সঙ্গে কথা হয় ইলন মাস্কের। মনে করা হচ্ছে, ট্রাম্পের কার্যত ছায়াসঙ্গী হয়ে উঠেছেন মাস্ক। তাই যখনই তাঁকে কেউ না কেউ ফোন করছে, মাস্ক সেই সময়ে সেখানে উপস্থিত থাকছেন।
গুগল সিইও-র সঙ্গে মাস্কের কথা হওয়া অন্য একটি বিষয়ের জন্যও তাৎপর্যপূর্ণ। কারণ, নির্বাচনের আগে মাস্ক গুগলকে নিশানা করেছিলেন পক্ষপাত করার অভিযোগ তুলে। তাঁর দাবি ছিল, গুগল নিরপেক্ষ না থেকে ট্রাম্পের থেকে বেশি কমলা হ্যারিসের প্রচার করেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টও দেন ইলন মাস্ক। তাতে শোরগোল পড়ে। সেই গুগল সিইও-র সঙ্গে এখন মাস্কের ঠিক কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি।
— Elon Musk (@elonmusk) July 29, 2024
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক এবং বিবেক রামস্বামীকে নিয়ে একটি নতুন বিভাগ খুলেছেন। যার নাম ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ। তবে তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। কারণ কাজের জন্য যে শর্ত দেওয়া হয়েছে তা এক কথায় অসম্ভব। ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই বিভাগে কাজ করতে গেলে সপ্তাহে কমপক্ষে ৮০ ঘণ্টার ওপর কাজ করতে হবে, আর মিলবে না কোনও বেতনও!