ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরণের ছবি
শেষ আপডেট: 8 January 2025 16:19
দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটজিপিটি ব্যবহার করেই নতুন বছরের প্রথম দিনে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল আমেরিকার লাস ভেগাস। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে টেসলার একটি সাইবার ট্রাকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় টেসলার ওই গাড়ির চালকের। গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল টুরো নামের একটি অ্যাপ থেকে। গুরুতর আহত হন আর ৭ জন। সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনল পুলিশ।
তদন্তে নেমে পুলিশের দাবি, বিস্ফোরণের আগে একাধিক খুঁটিনাটি বিষয় জানতে এআই চ্যাটবট ব্যবহার করেছিল অভিযুক্ত যুবক ম্যাথিউ লিভেলসবার্গার। টেসলার গাড়িতে প্রচুর বিস্ফোরক রাখা ছিল। সেই গাড়িতে বসে অভিযুক্ত নিজেকে গুলি করতেই বিস্ফোরণ ঘটে গাড়িতে। নতুন বছরের প্রথম দিন থেকেই অশান্ত হয়ে ওঠে আমেরিকা।
ঘটনার সপ্তাহখানেক পর পুলিশ জানতে পেরেছে, ৩৭ বছর বয়সি যুবক নিজের গাড়িতে বসেই বিস্ফোরণের একাধিক খুঁটিনাটি দেখছিল। সে আত্মহত্যা করলেও বিস্ফোরণ সঠিক সময়ে হবে কী না? কতক্ষণের মধ্যে কাজ হাসিল হওয়া সম্ভব এসব সে সার্চ করেছিল।
এআই চ্যাটবট থেকে তথ্য পেয়েই প্ল্যানমাফিক বিস্ফোরণ ঘটিয়েছে সে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ‘প্রযুক্তি ব্যবহার করে যে এমন কাণ্ড ঘটানো সম্ভব তা তিনি কল্পনাই করতে পারছেন না। বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া অভিযুক্তের ফোন ঘাঁটতেই পুরো বিষয়টা পুলিশের কাছে স্পষ্ট হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন বিস্ফোরণের ঘটনা এই প্রথম বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি জানাজানি হতে চ্যাট জিপিটির তরফে জানানো হয়েছে, আমরা ভাল-খারাপ একটা বিষয়ের উভয়দিক তুলে ধরি। আমরা কখনওই চাই না প্রযুক্তি মানুষের কাছে অভিশাপ হয়ে উঠুক। ২০২২ সালে চালু হলেও ইতিমধ্যে বিশ্বে সাড়া ফেলেছে এই অ্যাপ।