
শেষ আপডেট: 28 January 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের ধনীতম ব্যক্তি বার্নার্ড আর্নল্ট। ইলন মাস্ক এতদিন সে জায়গা জুড়ে ছিলেন। তাঁকে টপকে বিশ্বের সেরা ধনী হলেন ফরাসি বিজনেস টাইকুন বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের বিলিওনিয়ার তালিকায় প্রথমেই উঠে এসেছে আর্নল্টের নাম। ডিওর, টিফিনি অ্যান্ড কোং, মার্ক জেকব, ফেন্ডি, লুই ভিঁতোর মতো বিশ্বের নামী লাক্সারি ব্র্যান্ডের মালিক এই বার্নার্ড আর্নল্ট।
ফোর্বসের তালিকা অনুযায়ী, আর্নল্টের মোট সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ২০৭.৮ বিলিয়ন বা ২০ হাজার ৭৮০ কোটি ডলারে। দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ ২০ হাজার ৪০০ কোটি ডলার। শুক্রবার এলভিএমএইচ-র শেয়ার দর বেড়েছে ১৩ শতাংশ, এদিকে টেসলার শেয়ার পড়েছে ১৩ শতাংশ। সেখানেই বাজিমাত করে দিয়েছেন আর্নল্ট। বর্তমানে এলভিএমএইচের বাজারমূল্য ৩৮৮.৮ বিলিয়ন ডলার।
বেশ কয়েকদিন ধরেই এলন মাস্কের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন লুই ভিতোঁ, ময়েট অ্যান্ড শ্যাডঁ-র মতো ব্র্যান্ড সাম্রাজ্যের মালিক আর্নল্ট। শেষ পর্যন্ত মাস্ককে টেক্কা দিয়ে দিলেন তিনি।
আর্নল্টের বিপুল সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন সে নিয়ে এখন চর্চা চলছে। ইতিমধ্যেই অবশ্য সন্তানদের কোম্পানির গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেছেন তিনি। বড় ছেলে ডেলফাইনের হাতে ক্রিশ্চিয়ান ডিওরের দায়িত্ব তুলে দিয়েছেন। হোল্ডিং ফার্ম পরিচালনার কাজ দেওয়া হয়েছে তার ভাই অ্যান্টোইনকে। ফ্রেডেরিক আর্নল্ট হলেন ট্যাগ হুয়েরের সিইও। আলেকজান্ডার আর্নল্ট টিফ্যানির একজন এক্সিকিউটিভ। সবচেয়ে ছোট জিন আর্নল্ট লুই ভিটনের ঘড়ির সেগমেন্টের মার্কেটিং এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছেন।