
জো বাইডেন প্রশাসনের এ বিষয়ে গাছাড়া মনোভাবের কড়া নিন্দা করেছেন মুর।
শেষ আপডেট: 29 November 2024 10:48
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে বাড়তে থাকা হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার-হামলার ঘটনায় হুঁশিয়ারি দিলেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন সহযোগী। ট্রাম্পের পূর্বতন শাসনকালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিলিজিয়স ফ্রিডমের প্রাক্তন কমিশনার জনি মুর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বাড়তে থাকা আতঙ্কের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তাঁর মতে, এই হামলা কেবলমাত্র একটি সম্প্রদায়ের অস্তিত্বের সংকট তৈরি করছে তা নয়, সমগ্র জাতির পক্ষে সংকটজনক হয়ে উঠছে।
জো বাইডেন প্রশাসনের এ বিষয়ে গাছাড়া মনোভাবের কড়া নিন্দা করেছেন মুর। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিকেও কঠোর পদক্ষেপের আর্জি জানান তিনি। সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে মুর মার্কিন প্রশাসনের আচরণজনিত বৈপরীত্যের সমালোচনা করেন। তাঁর কথায়, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে, বর্তমান মার্কিন প্রশাসন বাংলাদেশের উপর কোনও নজরই দিচ্ছে না। বাইডেন প্রশাসনের বৈদেশিক নীতির ব্যর্থতায় বিশ্বকে অন্তত ৫০টি সংঘর্ষের মুখোমুখি হতে হয়েছে।
মুরের ধারণা, নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় এলে ধর্মীয় স্বাধীনতা সহ ভারতের মতো বন্ধু দেশগুলির সঙ্গে সম্পর্কের নয়া পরিবেশ গড়ে উঠবে। আমি সকলকে বলে দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে প্রায় এসে গিয়েছেন এবং তাঁর সঙ্গে যে টিম আসছে তারা আমেরিকার মূল্যবোধকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির সমালোচনা করে মুর আরও বলেন, এটা একটা বিপজ্জনক প্রবণতা। ওরা যদি তাঁকে গ্রেফতার করতে পারে, তাহলে যে কোনও কারও উপর তা নেমে আসতে পারে। বাংলাদেশের হিন্দু নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বীকে ডাক দিয়েছেন মুর।
মুরের এই প্রতিক্রিয়া এমন একটা সময় এল যখন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গোটা পশ্চিমী দুনিয়া মুখে কুলুপ এঁটে বসে আছে। তিনি বলেন, সেদেশে যখন হিন্দুরা নির্যাতিত হচ্ছেন, তখন মাত্র কিছু আওয়াজ উঠেছে প্রতিবাদের। এটার বদল হওয়া উচিত। এটা এমন একটা সময় যখন ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার জন্য সকলের উঠে দাঁড়ানো উচিত। মুরের কথায়, এটা একটা ঐতিহাসিক ক্ষণ যখন বিশ্ব মুখ ফিরিয়ে থাকতে পারে না।