
ইমরান খান
শেষ আপডেট: 31 March 2025 19:01
দ্য ওয়াল ব্যুরো: নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। শনিবার ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ)-এর সদস্যরা এই ঘোষণা করেছেন।
জানা গিয়েছে শাসন, মানবাধিকার এবং গণতন্ত্রের প্রতি ইমরানের অবদানের জন্য তাঁকে নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য মনোনীত করা হয়েছে। পিডব্লিউএ গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গোষ্ঠী। যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামেরও সদস্য।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম বলেছে, "আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজের জন্য আমরা ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি।"
বস্তুত, এর আগে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০১৯ সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। প্রতি বছর নরওয়েজিয়ান নোবেল কমিটি একাধিক মনোনয়ন পায়। এরপর তারা দীর্ঘ আট মাসব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে নাম নির্বাচন করে।
প্রসঙ্গত, ২০২৩ সালের অগাস্ট থেকে ইমরান কারাবন্দি। গত জানুয়ারিতে, কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।