
মিসাইল আটকাতে নয়া প্রযুক্তি ব্যবহার
শেষ আপডেট: 28 December 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো: ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠী লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলে। শুক্রবার ফের তারা মিসাইল ছুড়েছিল সে দেশে। তবে তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে আইডিএফ। প্রথমবারের জন্য টিএইচএএডি (থার) সিস্টেম ব্যবহার করে সেই মিসাইল ধ্বংস করা হয়েছে।
গত অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্ররে তরফে ইজরায়েলে এই আমেরিকান 'টার্মিনাল হাই অল্টিটিউট এরিয়া ডিফেন্স' মিসাইল সিস্টেম বসানো হয়েছিল। যদিও এতদিনে তা প্রথমবারের জন্য ব্যবহার করল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের তরফে সেই মিসাইল ধ্বংস করার ভিডিও, ছবি শেয়ার করা হয়েছে। ইজরায়েল সেনাও বিবৃতি দিয়েছে এই নিয়ে।
আইডিএফ-এর তরফে বলা হয়েছে, থার সিস্টেম প্রথমবার ব্যবহার করে তারা সাফল্য পেয়েছে। ইয়েমেনের ছোড়া মিসাইল ধ্বংস করা গেছে। যদিও তারা এটা জানায়নি এই সিস্টেম আমেরিকারটাই নাকি ইজরায়েলের নিজেদের প্রযুক্তির। যদিও মিসাইল ধ্বংসের ভিডিওতে এক আমেরিকান সেনাকে বলতে শোনা যাচ্ছে, তিনি ১৮ বছর ধরে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলেন!
מערכת ה- THAAD האמריקנית לקחה חלק ביירוט הטיל הבליסטי ששוגר אמש מתימן. אפשר לשמוע את אחד החיילים האמריקניים מתרגש "18 שנים חיכיתי לזה" pic.twitter.com/s4VoMfMhaF
— איתי בלומנטל ???????? Itay Blumental (@ItayBlumental) December 27, 2024
থার (THAAD) সিস্টেম কী?
পৃথিবীর বায়ুমণ্ডলের ভিতর থেকে ছোড়া হোক কী বাইরে থেকে, যে কোনও ধরনের মিসাইল টার্গেট করে ধ্বংস করতে সক্ষম এটি। এই সিস্টেম এমনভাবে বানানো হয়েছে যাতে ছোট, বড় সব সাইজের মিসাইল শনাক্ত করে তাকে ধ্বংস করতে পারে। কোনও মিসাইলকে শুধুমাত্র ধাক্কা মেরেই খতম করতে পারে এটি, তার জন্য বিস্ফোরণ ঘটানোর দরকার পড়ে না। ৮০০ থেকে ৩ হাজার কিলোমিটার রেঞ্জ থেকে আসা মিসাইল ধ্বংস করতে পারে এটি।