
নওয়াজ শরিফ
শেষ আপডেট: 29 May 2024 08:54
দ্য ওয়াল ব্যুরো: কার্গিল যুদ্ধের জন্য যে পাকিস্তানই দায়ী তা স্বীকার করে নিলেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। স্পষ্ট করেই বললেন, ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল তা ভেঙেছিলেন তাঁরাই। শুধু তাই নয়, এই যুদ্ধের জন্য তৎকালীন পাক সেনাপ্রধান পারভেজ মুশারফকে দায়ী করেছেন তিনি। গোটা বিষয় নিয়ে নওয়াজের স্বীকারোক্তি, 'সব দোষ আমাদেরই ছিল।'
১৯৯৮ সালের ২৮ মে, পাঁচটি পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল পাকিস্তান। এই ঘটনার কয়েক মাস পরই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর তত্ত্বাবধানে পাকিস্তান ভারতের সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু সেই চুক্তি অচিরেই লঙ্ঘন করেছিল ইসলামাবাদ, এমনই দাবি করেছেন শরিফ। তাঁর কথায়, ভারত ও পাকিস্তানের মধ্যে যে লাহোর চুক্তি হয়েছিল, তা তাঁরাই ভেঙেছিলেন এবং দোষ পাকিস্তানেরই।
পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার ২৬তম বার্ষিকী উপলক্ষে পিএমএল-এন সভায় জনগণকে ভাষণ দিতে গিয়েই ভারতের সঙ্গে চুক্তি ভাঙার প্রসঙ্গ তোলেন নওয়াজ শরিফ। বলেন, ওই চুক্তি ভাঙার কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের মূল কারণই ছিল ওই চুক্তি ভঙ্গ। নওয়াজ জানিয়েছেন, ভারতের সঙ্গে শান্তি চুক্তি করার পর থেকেই নানা পরিকল্পনা করেছিল পাকিস্তান। কার্গিলে একে একে অনুপ্রবেশ করতে শুরু করেছিল সেনা। বিষয়টি প্রকাশ্যে আসার পর দু'দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যদিও অনুপ্রবেশের দায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফের উপর চাপিয়েছেন তিনি।
পাকিস্তানের পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের ঘটনার পরই দিল্লি-লাহোর রুটের প্রথম বাসে চড়ে লাহোরের শীর্ষ বৈঠকে যোগ দিতে গেছিলেন অটলবিহারী বাজপেয়ী। ১৯৯৯ সালের ২১ ফেব্রুয়ারি নওয়াজ শরিফের সঙ্গে লাহোর ঘোষণাপত্রে সই করেন তিনি। তবে চুক্তির তিন মাসের মধ্যেই বেধে যায় কার্গিল যুদ্ধ। সীমান্তরেখা পেরিয়ে কাশ্মীরের ঢুকে পাক সেনা দখল করে নিয়েছিল প্রবল তুষারপাতের জন্য শীতকালে ছেড়ে যাওয়া ভারতীয় ঘাঁটিগুলি। কিন্তু পাকিস্তান কাজটা যতটা সহজ ভেবেছিল, কাজটা ততটা সহজ ছিল না। পাক সেনাদের অনুপ্রবেশ রুখতে ভারতীয় সেনাবাহিনীর শুরু করেছিল ‘অপারেশন বিজয়’। সেই কার্গিল যুদ্ধ জিতেছিল ভারত।