
ইলন মাস্ক
শেষ আপডেট: 15 November 2024 18:43
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পরই ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন তাঁর সঙ্গে কাজ করবেন টেসলা সিইও ইলন মাস্ক। সেটাই এখন জলের মতো স্পষ্ট হয়ে গেছে। মাস্কের নেতৃত্বেই সরকারের নতুন বিভাগের জন্য লোক নেওয়া শুরু হয়েছে। তবে যে যে শর্ত রাখা হয়েছে তাতে কজন আর কারা আবেদন করবেন, সে নিয়ে আলাদা তর্ক হতে পারে।
ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ নামের এই বিভাগের জন্য আবেদন করতে বলা হয়েছে। তবে এই বিভাগে কাজের জন্য আদতে কারা আবেদন করবেন সে নিয়েই প্রশ্ন। কারণ কাজের জন্য যে শর্ত দেওয়া হয়েছে তা এক কথায় অসম্ভব। ইলন মাস্ক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এই বিভাগে কাজ করতে গেলে সপ্তাহে কমপক্ষে ৮০ ঘণ্টার ওপর কাজ করতে হবে, আর মিলবে না কোনও বেতনও!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলেছে 'ডজ'। আর খুলতেই প্রায় ১৪ লক্ষ ফলোয়ার হয়েছে এই অ্যাকউন্টে। সেখানেই উল্লেখ করা হয়েছে, ''অনেকেই আমাদের সঙ্গে কাজ করার জন্য উৎসাহ প্রকাশ করেছেন। আমরা তাঁদের সাধুবাদ জানাচ্ছি। তবে আমরা পার্ট টাইম কাজ করার মতো লোক চাইছি না। এই বিভাগ তাঁদেরই যাঁরা ৮০ ঘণ্টার বেশি কাজ করতে ইচ্ছুক। যাদের আইকিউ লেভেল অনেক বেশি, এমন ব্যক্তিরা আবেদন করতে পারেন।'' যারা শর্ত মেনে আবেদন করতে চান তাঁরা তাঁদের সিভি ইলন মাস্ক এবং বিবেক রামস্বামীকে মেইল করতে পারেন। এমনটাই জানানো হয়েছে পোস্টে।
এই বিভাগে কাজ করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তা অবশ্য পোস্টে জানানো হয়নি। শুধু বলা হয়েছে, যত সংখ্যক আবেদনপত্র জমা পড়বে তার মাত্র ১ শতাংশ রিভিউ করবেন মাস্ক এবং বিবেক রামস্বামী।
We are very grateful to the thousands of Americans who have expressed interest in helping us at DOGE. We don’t need more part-time idea generators. We need super high-IQ small-government revolutionaries willing to work 80+ hours per week on unglamorous cost-cutting. If that’s…
— Department of Government Efficiency (@DOGE) November 14, 2024
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক এবং বিবেক রামস্বামীকে এই দায়িত্বে নিয়োগ করে বিবৃতিতে বলেছিলেন, ৫৩ বছর বয়সি লক্ষ কোটিপতি মাস্ক এবং ৩৯ বছর বয়সি বায়োটেক ব্যবসায়ী রামস্বামী সরকারের বাইরে থেকে কাজ করবেন। হোয়াইট হাউসকে তাঁরা সরকার পরিচালনায় পরামর্শ দেবেন ও দিশা দেখাবেন।