
শেষ আপডেট: 10 January 2024 08:55
দ্য ওয়াল ব্যুরো: লাইভ টিভি শো চলছে। সঞ্চালক কথা বলছেন। হঠাৎই চিৎকার, চেঁচামেচি। হুড়োহুড়ি করে স্টুডিওতে ঢুকে পড়লেন কয়েকজন। তাদের মুখে মাস্ক, হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র। সঞ্চালকের মাথায় বন্দুক ঠেকালেন একজন। বাড়ি বসে দর্শকরা দেখলেন, টিভি শো-তে কী সাঙ্ঘাতিক কাণ্ড ঘটছে।
তারপরের কয়েক ঘণ্টা রীতিমতো বিভীষিকায় কাটল। শোয়ে সকলকে বন্দি বানিয়ে হাত পিছমোড়া করে বেঁধে মাটিতে বসাল বন্দুকবাজেরা। সঞ্চালককে মাথা নিচু করে নীচে বসতে হল। চারদিকে ঘিরে দাঁড়াল আততায়ীরা। তাদের ভয়ঙ্কর চেহারা। চোখে ক্রূরতা। শোনা গেল গুলির আওয়াজও। সঞ্চালক তখন হাউহাউ করে কাঁদছেন। হাতজোড় করে তিনি বললেন, “প্লিজ গুলি চালাবেন না। আমাকে মারবেন না।” লাইভ শো চলাকালীনই একের পর এক ঘটতে থাকল এইসব ঘটনা।
এই ঘটনা ইকুয়েডরের। টিভি শো-র সেই ভিডিও ভাইরাল হওয়ার পর হতবাক বিশ্ব। ইকুয়েডরে নতুন করে অশান্তি ছড়াবে কিনা সে নিয়ে সংশয় দানা বেঁধেছে। জানা গেছে, দেশে সেনা অভিযানের কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।
Que pena todo lo que esta pasando con los hermanos del canal tc televisión, Dios los cuide pic.twitter.com/behRNVacSz
— Emergencias Ec (@EmergenciasEc) January 9, 2024
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। অপরাধী চক্রের এক নেতা কারাগার থেকে পালানোর পরই দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তার মধ্যেই আততায়ী হামলা হল একটি টিভি চ্যানেলের স্টুডিওতে। গত রবিবার এডলফো মাসিয়াস কারাগার থেকে পালিয়ে যায় গ্যাং লিডার লস ক্রোনেরস। ৩৪ বছরের সাজা ভোগ করছিল সেই আততায়ী। মাফিয়া চক্র, মাদক পাচার, খুন-জখম সহ নানা অভিযোগে দোষী সাব্যস্ত ছিল সে। গ্যাং লিডার আচমকা উধাও হয়ে যাওয়ার পরই দেশের নানা জায়গায় নাশকতা হতে পারে আশঙ্কা করেই জরুরি অবস্থা জারি করা হয়। ইকুয়েডর পুলিশ জানাচ্ছে, ওই গ্যাং লিডারের দলের লোকজনই হামলা চালিয়েছে টিভি চ্যানেলে। এমন ঘটনা আরও ঘটবে বলেই আশঙ্কা পুলিশ-প্রশাসনের। দুষ্কৃতীদের থামাতে তাই দেশে সামরিক অভিযান চলবে বলেও ঘোষণা করা হয়েছে।