
শেষ আপডেট: 2 May 2025 20:45
দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহ আগে মায়ানমার-থাইল্যান্ডের ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছিল গোটা বিশ্ব। এবার মারাদোনা-লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায় (Argentina) ভয়াবহ কম্পন অনুভূত (Earthquake) হল। রিখটার স্কেলে তার মাত্রা ৭.৫। ইতিমধ্যে সুনামি (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে।
আর্জেন্টিনা-সহ দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ উপকূল অঞ্চল কেঁপে উঠেছে এই ভূমিকম্পের ফলে। দক্ষিণ আমেরিকার আরও এক দেশ চিলিতে বড় মাপের সুনামি তরঙ্গ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এই কম্পের জেরে। ইতিমধ্যে সে দেশের প্রশাসন উপকূলবর্তী অঞ্চল খালি করে দেওয়ার কাজ শুরু করেছে।
জানা গেছে, এই ভূমিকম্পের উৎসস্থল দক্ষিণ আর্জেন্টিনার উপকুলীয় শহর উশুয়াইয়া থেকে ২১৯ কিলোমিটার দক্ষিণে ড্রেক প্যাসেজে। জায়গাটি চিলির দক্ষিণ প্রান্তে পুয়ের্তো উইলিয়ামস থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মাটি থেকে প্রায় ১০ কিলোমিটার গভীর প্রথম কম্পন অনুভূত হয়। সুতরাং বোঝাই যাচ্ছে, ভূমিকম্পের গভীরতা এতটাও বেশি নয় তাই ক্ষয়ক্ষতি যে বিরাট পরিমাণে হতে পারে তার আশঙ্কা থাকছে। যদিও কোনও প্রাণহানিরও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
ইতিমধ্যে সুনামি সতর্কতা জারি করে সাধারণ মানুষকে আগাম বার্তা দেওয়া হচ্ছে। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান বা যারা গেছে তারা যেন দ্রুত সম্ভব ফিরে আসেন, সেই পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মনে করা হচ্ছে, ভূমিকম্পের ফলে যে সুনামি তরঙ্গ তৈরি হবে, তা ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত সব জায়গার ক্ষতি করতে পারে।