
শেষ আপডেট: 25 February 2024 09:09
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট পদে আরও একবার বসতে চান তিনি। ডোনাল্ড ট্রাম্পের কাছে এই লড়াই যথেষ্ট শক্ত। কিন্তু তিনি হার মানছেন না। মানবেন কেন, কারণ একে একে সব বাধা অতিক্রম করে চলেছেন তিনি। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প। এই জয়ের ফলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেতে সুবিধা হবে তাঁর।
সাউথ ক্যারোলিনা রিপাবলিকানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রাথমিক ইলেকশন ছিল। সেই ভোটে নিকি হ্যালিকে হারিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই জয় তাঁকে আরও বেশি অক্সিজেন দেবে কারণ, নিকি দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা এবং সেখানের প্রাক্তন গভর্নরও। একদিক থেকে বলতে গেলে ক্যারোলিনা তাঁর ঘরের মাঠ। ওখানেই জয় পেয়েছেন ট্রাম্প।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ ক্যারোলিনার গভর্নর পদে জনপ্রিয় ছিলেন নিকি। সেক্ষেত্রে বলা যায়, এই ভোটেও তিনি ফেভারিট ছিলেন। কিন্তু সবশেষে বাজিমাত করে দিয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রাম্প এবং নিক্কির প্রাপ্ত ভোটের ব্যবধান অন্তত ৯০! আগামী নভেম্বর মাসে হবে আমেরিকার মূল প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে ডোনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাস বাড়িয়ে রাখলেন।
নির্বাচনের আগে ট্রাম্পের নানা বিষয় নিয়ে মন্তব্য করেছিলেন নিকি হ্যালি। এমনকী তাঁর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। কিন্তু ভোটবাক্সে তার প্রতিফলন হয়নি। বিশ্লেষকদের মতে, নিকির বিরুদ্ধেও বিগত কিছু বছরে কম অভিযোগ ওঠেনি। বেশকিছু বিষয়ে মামলাও চলছে বর্তমানে। সেটাই তাঁকে পিছিয়ে দিয়েছে অনেকটা।