নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানকে দমানোর লড়াইয়ে যারা আমেরিকার পাশে থাকেনি, তাদের জন্য ওয়াশিংটন আর সাহায্যের হাত বাড়িয়ে দেবে না।
.jpeg.webp)
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 31 March 2026 19:03
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার অশান্ত (Iran War) পরিস্থিতির আবহে এবার মিত্র দেশগুলির বিরুদ্ধে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযানে যে দেশগুলি সাহায্য করেনি, তাদের কার্যত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘নিজেদের তেল এবার নিজেরাই বুঝে নাও।’ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্টে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানকে দমানোর লড়াইয়ে যারা আমেরিকার পাশে থাকেনি, তাদের জন্য ওয়াশিংটন আর সাহায্যের হাত বাড়িয়ে দেবে না।
ইরান অভিযানে অংশ না নেওয়ায় বিশেষ করে ব্রিটেনের নাম করে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, “হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে ব্রিটেন-সহ যে সব দেশ জ্বালানি সংকটে ভুগছে, তাদের জন্য আমার দুটো পরামর্শ আছে। এক, আমেরিকার থেকে তেল কিনুন, আমাদের কাছে প্রচুর মজুত আছে। আর দুই, একটু সাহস সঞ্চয় করে হরমুজ প্রণালীতে যান এবং নিজেরাই নিজেদের প্রয়োজনীয় তেল দখল করে নিন।”
মিত্র দেশগুলোর প্রতি চরম বিরক্তি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, “এবার থেকে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে শিখতে হবে। আমেরিকা আর আপনাদের সাহায্য করতে আসবে না, ঠিক যেমন আপনারা আমাদের প্রয়োজনে পাশে ছিলেন না। ইরানের কোমর ভেঙে দেওয়া হয়েছে, কঠিন কাজটা সেরে ফেলা হয়েছে। এবার নিজেদের তেল নিজেরা গিয়ে নিয়ে আসুন।”
আমেরিকা ও ইজরায়েলের হামলার এক মাস পার হলেও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে তেহরান। বিশ্বের মোট উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। ইরানের এই ‘অবরোধ’-এর জেরে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া। যার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যের ওপর।
এই অচলাবস্থা কাটাতে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই যদি যুদ্ধবিরতি না হয় এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয়, তবে আমেরিকা আক্রমণের ঝাঁজ আরও বাড়াবে। সে ক্ষেত্রে ইরানের ‘খার্গ দ্বীপ’-এর তেল রফতানি কেন্দ্র এবং জল পরিশোধন প্ল্যান্টগুলোকেও নিশানা করা হতে পারে বলে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি।
অন্য দিকে, পরিস্থিতির চাপে পড়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার জানিয়েছেন, তাঁদের লক্ষ্য কেবল এই অঞ্চলে থাকা মার্কিন বাহিনী। সোশ্যাল মিডিয়ায় তিনি দাবি করেছেন, “আমাদের অভিযান কেবলমাত্র সেই শত্রু আগ্রাসীদের বিরুদ্ধে, যারা আরব বা ইরানীয়দের সম্মান করে না এবং নিরাপত্তা দিতেও অক্ষম।”