
ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 27 March 2025 09:09
দ্য ওয়াল ব্যুরো: শুল্ক ইস্যুতে একের পর এক 'বোমা ফাটাচ্ছেন' আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার বিদেশ থেকে আমদানি করা সব যানবাহনের (Foreign Made Cars) ওপর ২৫ শতাংশ শুল্ক (Tariff) চাপানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। আগামী মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বলেও স্পষ্ট করেছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে এই শুল্ক এবং ৩ তারিখ থেকে শুল্ক বাবদ অর্থ সংগ্রহ করা হবে। ট্রাম্পের সাফ কথা, অল্প কয়েকদিনের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, পাকাপাকিভাবেই এই শুল্ক নেওয়া হবে। বুধবার হোয়াইট হাউসের কার্যালয়ে বসে তিনি বলেন, নতুন সিদ্ধান্ত গ্রহণের ফলে আমেরিকার আর্থিক উন্নতি আরও বেশি পরিমাণে হবে। কতটা হবে তা কল্পনাতীত।
এই নতুন শুল্কনীতি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয়নি এমন সব গাড়ির ওপরই ২৫ শতাংশ শুল্ক বসতে চলেছে। কিন্তু যে সব গাড়ি আমেরিকাতেই তৈরি হবে, তার জন্য কোনও শুল্ক লাগবে না। ট্রাম্প জানান, ২.৫ শতাংশ শুল্ক থেকে শুরু হয়েছিল, এখন তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হল। প্রসঙ্গত, ২ এপ্রিল থেকেই ট্রাম্পের ঘোষিত নতুন একাধিক শুল্কনীতি কার্যকর হতে চলেছে।
দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম ভাষণেই জানিয়ে দিয়েছিলেন, আগামী ২ এপ্রিল থেকে চিন, কানাডা, মেক্সিকোর মতো ভারতের পণ্যসামগ্রীতে অতিরিক্ত আমদানি শুল্ক চাপাতে চলেছে আমেরিকা। কেউ যদি ট্রাম্প প্রশাসনের অধীনে আমেরিকার মাটিতে তাদের পণ্য উৎপাদন না করে, তাহলে তাকে শুল্ক দিতেই হবে। গাড়ি সংক্রান্ত শুল্ক নিয়েও ভারতের প্রসঙ্গ টেনে কিঞ্চিৎ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ট্রাম্প।
শুল্ক ইস্যুতে ট্রাম্পের স্পষ্ট বক্তব্য, ভারত সহ অনেকগুলি দেশ আমেরিকার কাছ থেকে বিশাল পরিমাণের শুল্ক আদায় করে আসছে বছরের পর বছর ধরে। গড়পরতা হিসাবে ইউরোপীয় ইউনিয়ন, চিন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডা। এছাড়াও অগুনতি দেশ তাঁদের শুল্কের চেয়ে অনেক গুণ চড়া হারে তাঁদেরই কাছ থেকে আমদানি কর আদায় করে থাকে। এবার তাদের কাছ থেকেও অনেক বেশি অঙ্কের শুল্ক আদায় করা হবে।