
উষা ভ্যান্স (বাঁদিকে) ও দীপিকা পাড়ুকোন।
শেষ আপডেট: 26 March 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: দীপিকা পাড়ুকোনের সেই পোশাক, সেই চাহনি, সেই হাসি, সেই বিভঙ্গ আজও বহু চাতকের আবেদনের মতো স্থির হয়ে রয়েছে। কিন্তু, সেই একই পোশাকে, সাজে, হাসিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্সকে কজন দেখেছেন? ঠিক তাই আমেরিকার সেকেন্ড লেডি-র একইরকম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে চক্ষু সার্থক করেছেন বহু নেট নাগরিক।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য দীপিকা পাড়ুকোন রেড কার্পেট স্বাগত অনুষ্ঠানে যে পোশাক পরে দাঁড়িয়েছিলেন, ঠিক সেরকমই লুকে দেখা মিলেছে উষা ভ্যান্সকে। কান উৎসবে দীপিকার সেই ছবি দেশে তো বটেই বিদেশেও ভাইরাল হয়েছিল। দীপিকা পরেছিলেন একটি সাদা শাড়ি। তার সঙ্গে গলায় ছিল শ্বেতমুক্তোর জড়োয়া হার। যা দেখে অনেকেই দীপিকাকে দেবীমূর্তির সঙ্গে তুলনা টেনেছিলেন।
এবার আসা যাক আমেরিকার সেকেন্ড লেডি উষা ভ্যান্সের প্রসঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প মাঝেমধ্যেই ইন্টারনেটকে ব্যতিব্যস্ত করে তোলেন বিভিন্ন পোস্টে। তেমন কোনও বিতর্কিত বিষয়ে নয়, বরং নানান মজার বিষয়ে। তাঁর করা পোস্টেই মিলেছে ভাইস প্রেসিডেন্টের স্ত্রীর এরকম তৈরি করা ছবি।
Usha Vance is a brilliant and accomplished attorney known for her intelligence, grace, and support for her husband, J.D. Vance. Her beauty is matched by her poise and dedication, making her an inspiring figure. pic.twitter.com/Wm56FK0uCq
— Ivanka Trump ???????? ???? News (@IvankaNews_) March 23, 2025
পোস্টে ইভাঙ্কা লিখেছেন, উষা ভ্যান্স অত্যন্ত প্রতিভাময়ী। প্রতিষ্ঠিত অ্যাটর্নি। তাঁর বুদ্ধিমত্তা, রূপলাবণ্য ও সর্বদা স্বামীর পাশে থাকার স্বভাবে সকলেই খুশি। তাঁর সৌন্দর্য তাঁর শিক্ষা-যোগ্যতা-ব্যক্তিত্বের সঙ্গে মানানসই এবং তিনি অত্যন্ত একাগ্রচিত্ত। এইসব মিলিয়ে তিনি নিজেকে একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব রূপে সকলের সামনে ধরা দিয়েছেন। উল্লেখ্য, আগামিকাল, ২৭ মার্চ ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে উষা এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ গ্রিনল্যান্ড সফরে যাচ্ছেন। যদিও আমেরিকার সেকেন্ড লেডির এই সফরে মোটেই খুশি নন গ্রিনল্যান্ডের মানুষ।