4.png)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 26 April 2025 23:49
দ্য ওয়াল ব্যুরো: বাবার শেষকৃত্যের খরচ বহন করতে না পেরে মরদেহ আলমারির ভিতর লুকিয়ে রাখলেন ছেলে। দীর্ঘ দু’বছর ধরে বাড়িতেই ওই দেহ রেখে দিয়েছিলেন ৫৬ বছরের নোবুহিকো সুজুকি। ঘটনাটি সামনে এসেছে টোকিওতে, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
দক্ষিণ চিন মর্নিং পোস্ট সূত্রে জানা গিয়েছে, সুজুকি একটি চিনা রেস্তরাঁর মালিক। হঠাৎ করে টানা এক সপ্তাহ তাঁর রেস্তরাঁ বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপরই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ বাড়িতে গিয়ে আলমারি খুলতেই উদ্ধার হয় তাঁর বাবার কঙ্কাল।
পুলিশকে সুজুকি জানিয়েছেন, তাঁর বাবা ২০২৩ সালের জানুয়ারিতে মারা যান। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তিনি জানান, কাজ থেকে ফিরে এসে বাবাকে মৃত অবস্থায় পান এবং দাফনের খরচ এড়াতেই মরদেহ লুকিয়ে রাখেন। তিনি বলেন, “দাফন করানো খুব খরচসাপেক্ষ। তাই এভাবেই রাখতে হয়েছে।”
তদন্তকারীরা জানিয়েছেন, প্রথমে সুজুকি নিজের কাজ নিয়ে অপরাধবোধে ভুগছিলেন। পরে, সমস্ত দোষ বাবার উপর চাপান তিনি। পুলিশ এখন তাঁকে গ্রেপ্তার করেছে এবং অভিযোগ উঠেছে, বাবার পেনশনের টাকা আত্মসাৎ করেছেন তিনি।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই জাপানের সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই ধারণা করছেন, পেনশনের টাকার লোভেই এই কাজ করেছেন সুজুকি। কেউ আবার সহানুভূতির সুরে বলেছেন, প্রিয়জনের মৃত্যু হলে অনেকেই কী করবেন, বুঝে উঠতে পারেন না। তাই এমন পরিস্থিতিতে সহায়তা করার জন্য সরকারি উদ্যোগ দরকার।
উল্লেখ্য, একটি সমীক্ষা অনুযায়ী, জাপানে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার গড় খরচ প্রায় ১৩ লক্ষ ইয়েন (৯ হাজার মার্কিন ডলার)। এ ধরনের ঘটনা অবশ্য এই প্রথম নয়। ২০২৩ সালে, আরেকজন ৫৬ বছর বয়সী বেকার ব্যক্তি তাঁর মায়ের মরদেহ তিন বছর ধরে বাড়িতে রেখে দেন এবং এই সময়ে প্রায় ২০ লক্ষ ইয়েন তাঁর পেনশন থেকে আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।