
শেষ আপডেট: 25 October 2023 20:05
দ্য ওয়াল ব্যুরো: অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে নতুন করে সামরিক বিন্যাস করে ভারতের সেনা বাহিনীকে চ্যালেঞ্জ ছোড়ার চেষ্টা করছে চিন। বিভিন্ন সূত্রে এখবর আগে থেকেই ছিল ভারতীয় সেনা বাহিনীর কাছে।
এবার উপগ্রহ থেকে তোলা ছবিতেও এই বিষয়েও স্পষ্ট প্রমাণ মিলল বলে দাবি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, তাওয়াংয়ের খুব কাছে লাল ফৌজ মোতায়েন করেছে চিন। মজুত করা হচ্ছে অস্ত্রশস্ত্রও।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পূর্ব লাদাখে ভারতের শক্তির সঙ্গে এঁটে উঠতে না পেরে অরুণাচলে নতুন করে সামরিক বিন্যাস করে ভারতের বাহিনীকে চ্যালেঞ্জ ছোড়ারই চেষ্টা করছে চিন। প্রসঙ্গত, গত ডিসেম্বরে এই অঞ্চলে পিপলস লিবারেশন আর্মি তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছিল। যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা। ফের নতুন করে চিন সীমান্তে তৎপর হয়ে ওঠায় প্রতিরোধের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে বাহিনী।
মঙ্গলবারই অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শস্ত্রপুজো করে জওয়ানদের সঙ্গে দশেরা পালন করেন তিনি। তাওয়াংয়ে যুদ্ধে নিহত শহিদ সেনাকর্মীদের স্মারকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনও করেন। কোনও অবস্থাতেই চিনা ফৌজের নিয়ন্ত্রণরেখা ‘অতিক্রম’ করা যে বরদাস্ত করা হবে না, তাও ফের স্পষ্ট করে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।
সম্প্রতি লাদাখ সীমান্তের এক রিপোর্ট প্রকাশ করেছিল পেন্টাগন। পেন্টাগনের রিপোর্টে দাবি করা হয়েছে, লাদাখ সীমান্তে চিন স্থায়ী সুড়ঙ্গ তৈরির কাজ করছে। তৈরি করা হচ্ছে নতুন রাস্তা, প্রতিরক্ষার কাজে ব্যবহৃত এয়ারপোর্ট এবং হেলিপ্যাড । লাদাখের পাশাপাশি ডোকলামেও প্রচুর চিনা সেনা মোতায়েন করা হয়েছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। এবার উপগ্রহের মাধ্যমে সামনে এল, তাওয়াং সীমান্তে চিনা সেনা ও অস্ত্র মজুতের ছবি। যার ফলে সীমান্তের প্রকৃত মানচিত্র নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।