
ফাইল ছবি
শেষ আপডেট: 30 December 2024 17:24
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবচেয়ে দ্রুত গতির বুলেট ট্রেন কি তাহলে এটাই? চিন যে দাবি করছে তা হইচই ফেলে দিয়েছে বিশ্বে।
রবিবার নতুন এক বুলেট ট্রেনের 'প্রোটোটাইপ' প্রকাশ্যে এনেছে বেজিং। দাবি করা হয়েছে, এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার। যদি এই দাবি সত্যি হয় তাহলে এটাই হতে পারে বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন। চিনের সংবাদমাধ্যমের স্পষ্ট দাবি, তারা এই ট্রেন তৈরি করে ইতিমধ্যে তার একাধিক পরীক্ষাও সেরে ফেলেছে।
এই বুলেট ট্রেনের পোশাকি নাম দেওয়া হয়েছে সিআর৪৫০। চিনের স্টেট রেলওয়ে গ্রুপ কোম্পানি এই ট্রেন তৈরি করেছে। সিআর৪০০ ট্রেনের 'আপডেট ভার্সান' এই ট্রেন। এখন পর্যন্ত এই ট্রেন সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চালানো হত। তবে এই নয়া ট্রেন প্রতি ঘণ্টায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে বলেই দাবি করা হয়েছে।
A prototype of the CR450 bullet train that will run at 400 kilometers per hour debuted in Beijing on Sunday, said the country's railway operator. The train is capable of running at 450 kilometers per hour in test. https://t.co/pjk1LW5CoJ pic.twitter.com/uOygLecaDi
— China Xinhua News (@XHNews) December 29, 2024
সম্প্রতি এই ট্রেন নিয়ে একাধিক পরীক্ষা করা হয়েছে। শুধু গতি নয়, যাবতীয় পরীক্ষায় পাস করেছে এই ট্রেন। জ্বালানির পরিমাণের পাশাপাশি খরচ বাঁচানো, ট্রেনের ভিতরের সাউন্ড প্রুফ ব্যবস্থা, চিনের দাবি অনুযায়ী, সবেতে 'স্টার মার্কস' পেয়েছে এই নতুন ট্রেন। ইতিমধ্যে দেশের ৪৬ হাজার রেলপথে হাইস্পিড ট্রেন চালানো শুরু করেছে চিন। তার মধ্যে এই সিআই৪৫০ ট্রেন রেকর্ড করতে চলেছে আগামী দিনে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।