.webp)
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নিহত খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর।
শেষ আপডেট: 19 June 2024 12:45
দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের বর্ষপূর্তিতে নীরবতা পালন করল কানাডার পার্লামেন্ট। মঙ্গলবার কানাডার হাউস অফ কমন্স বা সংসদের নিম্নকক্ষে ভারতে নিষিদ্ধ ঘোষিত খলিস্তানি জঙ্গি নিজ্জরের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়। হাউস অফ কমন্সের স্পিকার গ্রেগ ফার্গুস সদস্যদের নীরবতা পালনের আর্জি জানান। হাউসেই ঠিক হয় নিজ্জরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
সম্প্রতি ইতালিতে অনুষ্ঠিত জি-৭ বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কানাডা যে খলিস্তানপন্থী জঙ্গি ও তাদের প্রতি সহানুভূতিশীল মানুষকে আশ্রয় ও মদত দিচ্ছে, এই অভিযোগ বহুবার তুলেছে ভারত। তা সত্ত্বেও কানাডা সরকারের একের পর এক ভারত বিরোধী আচরণ ভাবিয়ে তুলেছে নয়াদিল্লিকে।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ভারতে তৃতীয়বার মোদীর পুনর্নির্বাচন নিয়ে বলেছেন, এর ফলে বিভিন্ন দিক থেকে দুদেশের সম্পর্কের উন্নতির সুযোগ মিলবে। জাতীয় নিরাপত্তা, কানাডাবাসীর সুনিশ্চিত সুরক্ষা এবং আইনের শাসনের মতো জটিল বিষয়গুলি নিয়ে আলোচনার সুযোগ আসবে বলে সিবিসি নিউজকে এক সাক্ষাৎকারে বলেন ট্রুডো।
প্রসঙ্গত, গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলোম্বিয়ার সুরেতে গুরু নানক শিখ গুরুদ্বারের বাইরে শিখ বিচ্ছিন্নতাবাদী ৪৫ বছর বয়সি নিজ্জরকে কেউ বা কারা খুন করে। এই ঘটনায় ভারতের হাত থাকার প্রমাণ রয়েছে বলে পার্লামেন্টে ঘোষণা করেছিলেন ট্রুডো।
এই খুনের অভিযোগে কানাডার পুলিশ করণ ব্রার, কমলপ্রিত সিং, করণপ্রিত সিং এবং আমনদীপ সিং নামে চার ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করে। যদিও ভারতের তরফে কানাডার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। অবাস্তব এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিক্রিয়া দিয়েছিল নয়াদিল্লির বিদেশ মন্ত্রক।