
শেষ আপডেট: 14 April 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সিডনিতে ভিড়ে ঠাসা শপিং মলে আচমকাই হামলার ঘটনা ঘটে। সিডনির বন্ডি শপিং মলে একের পর ব্যক্তির উপর ছুরির কোপ বসাতে থাকে এক দুষ্কৃতী। সেই ভয়ংকর ঘটনার সাক্ষী ছিলেন এক বাঙালি দম্পতি। কীভাবে তাঁরা কোনওক্রমে বেঁচে ফিরলেন? আতঙ্কের অভিজ্ঞতা শোনালেন তাঁরা ।
শনিবার স্থানীয় সময় বিকেল ৪ টে নাগাদ ওই হামলাকারী সিডনির মলে এলোপাথাড়ি ছুরির কোপ মারতে থাকে। শপিং মলে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে ধরতে পুরো মল ঘিরে ফেলা হয়। ঠিক তখনই সেখানে ছিলেন সই ঘোষাল ও তাঁর স্বামী দেবাশিস চক্রবর্তী। প্রথমে যদিও হামলা হয়েছে বলে বুঝতে পারেননি তাঁরা। হইচই শুনে ভেবেছিলেন হয়তো মলে আগুন লেগেছে। তারপর আসল বিষয়টা সামনে আসতেই আতঙ্ক গ্রাস করে। সই জানান, "বারবার মনে হচ্ছিল, আমরাও খুন হয়ে যেতে পারি। প্রাণ বাঁচাতে কোনওমতে একটা স্টোর রুমে বাক্সের আড়ালে ঢুকে পড়ি।”
প্রাণে বাঁচতে সবমিলিয়ে প্রায় ২০-২৫ জন মলের স্টোররুমে লুকিয়ে পড়েছিলেন। দম্পতির কথায়, বাক্সের আড়ালে লুকিয়ে রক্ষা পেয়েছেন তাঁরা। কীভাবে গোটা মল জুড়ে তাণ্ডব চালাচ্ছে হামলাকারী, ওই বাক্সের আড়াল থেকেই ফোন করে পুলিশকে বিস্তারিত জানান সই।
পুলিশ আসার পর মলে শুরু হয় গুলি বৃষ্টি। হামলাকারীকে টার্গেট করতে গুলি চালাতে থাকে পুলিশ। গুলিবৃষ্টিতে মৃত্যু হয় হামলাকারীর। শেষ পর্যন্ত মলের পিছনদিকের দরজা দিয়ে বাঙালি দম্পতি সহ আরও অনেককে বের করে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার পর অনেকটা সময় কেটে গেলেও এখনও আতঙ্কে ভুগছেন তাঁরা।
সিডনিতে হামলার ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে কী উদ্দেশ্যে মলে হামলা হয়েছে, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই ঘটনায় সিডনিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।