
ইউনুস ও শি জিনপিং
শেষ আপডেট: 21 January 2025 08:46
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সোমবার রাতে চারদিনের সফরে চিন গিয়েছেন। এই সফর উপলক্ষ্যে রবিবার তাঁর সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কথা দিয়েছেন, তাঁরা বাংলাদেশকে দেওয়া ঋণের উপর সুদের হার কমিয়ে দেবে। সেই সঙ্গে তিস্তা মহা পরিকল্পনা রূপায়ণে চিন প্রযুক্তিগত এবং পুরো আর্থিক সহায়তা দিতে আগ্রহী। চারদিনের সফরে তৌহিদ হোসেন চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইয়ের সঙ্গে বৈঠক করবেন। বেইজিং ছাড়াও বাণিজ্য শহর সাংহাই সফর করবেন হোসেন।
তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার চারদিনের এই সফরের অন্যতম কর্মসূচি প্রধান উপদেষ্টার আসন্ন বেজিং সফর। মার্চে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে চিন সফরে আমন্ত্রণ করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিংপিন।
২০২৫ চিন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পঞ্চাশ বছর। ১৯৭১ সালে বাংলাদেশ গঠনের পর চার বছর সদ্য গঠিত দেশটিকে স্বীকৃতি দেয়নি চিনের তৎকালীন নেতৃত্ব। পাকিস্তানের সঙ্গে চিনের সখ্যের কারণেই বেজিং গোড়ায় বাংলাদেশকে স্বীকৃতি দিতে অনাগ্রহী ছিল।
সেই অতীত পেরিয়ে অনেক আগেই দু-দেশের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। শেখ হাসিনার সময়ে নয়া দিল্লি এবং বেজিং, দু-পক্ষের সঙ্গেই ঢাকার ঘনিষ্ঠতা অনন্য উচ্চতায় ওঠে। যদিও ভারত সরকার নানা সময়ে অনুযোগ করেছে মুক্তিযুদ্ধে অসহযোগিতা করা চিনকে হাসিনা সরকার বাড়তি গুরুত্ব দিচ্ছে।
হাসিনার সময়ে বাংলাদেশে অবকাঠামোর উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে চিন। পদ্মা সেতু, চট্টগ্রামে কর্ণফুলি নদীতে আন্ডারপাশ তৈরিতেও চিন বিনিয়োগ করেছে।
বাংলাদেশের চাহিদা মতো ভারত তিস্তার জল না দেওয়ায় অনেক আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল চিন। বাংলাদেশ সরকার তিস্তা মহা পরিকল্পনা তৈরি করেছে যাতে বর্ষার জল ধরে রেখে তা দিয়েই বাংলাদেশের উত্তরপ্রান্তের জেলাগুলিতে বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানীয় জলের ব্যবস্থা করা যায়। চিন ওই প্রকল্পে অর্থ সাহায্য দিতে প্রস্তুত। যদিও ক্ষমতা হারানোর কিছুদিন আগে বেজিং সফর থেকে ফিরে হাসিনা ঘোষণা করেছিলেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক টেন্ডার ডাকা হবে। তবে তিনি ভারতকে দিয়ে কাজটি করানোর পক্ষপাতী।
হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই সুযোগে চিন মহম্মদ ইউনুস সরকারের সঙ্গে সখ্য গড়ে তুলতে তৎপর। তারা জানিয়ে দিয়েছে, তিস্তা মহাপরিকল্পনায় তারা পুরো অর্থ ঢালতে আগ্রহী। মনে করা হচ্ছে ইউনুসকে বিমান পাঠিয়ে বেজিং নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে চিন অন্তর্বর্তী সরকারের মন কাড়তে চাইছে। যদিও মার্চ মাসে বাংলাদেশে সরকারি কর্তারা স্বাধীনতা স্বাধীনতা দিবস পালন নিয়ে ব্যস্ত থাকেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস হলেও মাস জুড়ে চলে আয়োজন।