
লোহিত সাগরে আবারও হুথিদের হামলা।
শেষ আপডেট: 27 April 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো: আবারও উত্তপ্ত লোহিত সাগর।
হুথি গোষ্ঠীর মুর্হুমুর্হু হামলা চলছে। ভারতগামী অয়েল ট্যাঙ্কারে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্টী। লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চলছে। পাল্টা আক্রমণ শানিয়েছে ভারতীয় নৌসেনাও।
গত ডিসেম্বর মাসে ভারতীয় বাণিজ্যতরীতে ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, সমুদ্রের গভীর থেকেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত। হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ইয়েমেনের মদতপুষ্ট হুথিদের। মাঝে কিছুদিনের বিরতি হলেও কিন্তু আবারও স্বমহিমায় ফিরে এসেছে হুথিরা। আবারও ভারতগামী পণ্যবাহী জাহাজে হামসা হয়েছে। এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে তারা।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে সূত্রে খবর, শনিবার ভারতগামী তেলের ট্যাঙ্কারে মিসাইল হামলা হয়েছে। এই আক্রমণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে, এন্ড্রোমিডা স্টার নামের ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কারটি সেশেলের মালিকাধীন। এদিন এই হামলার দায় স্বীকার করেছে হুথির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া।
ইজরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরে ইজরায়েলি কোনও বাণিজ্যিক জাহাজ দেখা গেলেই তার উপর হামলা হচ্ছে। এর আগেও লোহিত সাগরে একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এই সংগঠন হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইজরায়েল-হামাস যুদ্ধে তারা হামাসের পক্ষে। সবসময়েই প্যালেস্তাইনকে সমর্থন করবে। গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরোধিতা করতেই তারা ইজরায়েলি যে কোনও জাহাজেই হামলা চালাবে।
এই পরিস্থিতিতে ওই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আছে এমন যে কোনও জাহাজের উপরেই যখন তখন হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটন এই ব্যাপারে সতর্কবার্তাও দিয়েছে। তাই ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার। যদিও ইরানের তরফে এই হামলার কথা অস্বীকার করা হয়েছে। তবুও সাগরে নিরাপত্তা কয়েকগুণ বাড়াচ্ছে ভারত।