ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর (Nicolas Maduro) গ্রেফতারের ঘটনা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। তবে তাঁর গ্রেফতারির চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে তাঁর পোশাক।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 5 January 2026 13:22
দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর (Nicolas Maduro) গ্রেফতারের ঘটনা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। তবে তাঁর গ্রেফতারির চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে তাঁর পোশাক। সপ্তাহান্তে মার্কিন বাহিনীর অভিযানে স্ত্রী সিলিয়া ফ্লোরেস-সহ (Celia Flores) ধরা পড়ার পর মাদুরোকে আমেরিকায় (America) নিয়ে যাওয়া হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একটি ছবি প্রকাশ করেন— যেখানে হাতকড়া ও চোখ বাঁধা অবস্থায় দেখা যায় মাদুরোকে। পরনে ধূসর রঙের নাইকি টেক ট্র্যাকস্যুট।
ট্রাম্প এই ছবিই পোস্ট করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নেটদুনিয়ায় দাবি ওঠে, মাদুরোর ছবি ভাইরাল হওয়ার জেরে নাইকির ওই ট্র্যাকস্যুট নাকি হু-হু করে বিক্রি হয়ে ‘সোল্ড আউট’! যদিও বাস্তবে দেখা যাচ্ছে, নাইকির ওয়েবসাইটে এখনও সেই জ্যাকেট ও প্যান্ট মিলছে। জ্যাকেটের দাম ১৪০ ডলার এবং প্যান্টের দাম ১২০ ডলার। জানা গিয়েছে, মাদুরো ট্রিপল এক্স এল সাইজের পোশাক পরেন।
শুধু ট্র্যাকস্যুটই নয়, তাঁর চোখে ছিল মাত্র ৬ ডলারের একটি ওয়ানমে স্লিপ মাস্ক এবং কানে ১১ ডলারের ফ্লিনট্রনিক অ্যান্টি-নয়েজ ইয়ার প্রটেক্টর। এই ‘অ্যারেস্ট লুক’ নিয়েই শুরু হয় রীতিমতো ট্রোল-ঝড়। কেউ মজা করে লেখেন, “এটাই নিখুঁত হ্যালোউইন কস্টিউম।” কারও মন্তব্য, “এই লুকটা চাই-ই চাই।” আবার কেউ ব্যঙ্গ করে লেখেন, “নাইকি ইতিহাসে ঢুকে পড়ল এই মুহূর্তে।”
এক নেটিজেনের কটাক্ষ, “নাইকি সদ্য সবচেয়ে এক্সক্লুসিভ ‘মাদুরো কালেকশন’ লঞ্চ করল।” অন্য এক জনের মন্তব্য, “এই ছবিটাই নাইকির ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে।” গুগলেও নাকি হঠাৎ করেই ‘নাইকি টেক ফ্লিস’ সার্চ বেড়ে গিয়েছে।
এখানেই শেষ নয়। আমেরিকায় নিয়ে যাওয়ার পর মাদুরোকে একটি নীল রঙের হুডি পরেও দেখা যায়, যা তৈরি করেছে ‘অরিজিন ইউএসএ’ নামের একটি পোশাক সংস্থা।
সংস্থার সহ-প্রতিষ্ঠাতা লেখক ও পডকাস্টার জকো উইলিঙ্ক। সেই ছবিকে ঘিরেও চর্চা তুঙ্গে। সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা করে লেখে, “আমেরিকায় স্বাগতম। আমাদের ‘প্যাট্রিয়ট ব্লু’ আরটিএক্স শার্ট বসন্তের আগে পাওয়া যাবে না, তবে প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।”
অনেকে আবার মাদুরোর এই পোশাক-প্রেমের সঙ্গে কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রোর তুলনা টানছেন। কাস্ত্রো শাসনের শুরুর দিকে সামরিক পোশাকে অভ্যস্ত থাকলেও, পরবর্তী সময়ে অ্যাডিডাসের ট্র্যাকস্যুটে তাঁকে প্রায়শই দেখা গিয়েছিল।