
শেষ আপডেট: 14 February 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: ঋতু বদলের এই সময় হাম, পক্সের প্রকোপ বাড়ে। কিন্তু নতুন রকম ভাইরাসের সংক্রমণ দেখা যাচ্ছে আলাস্কায়। পক্সের মতো উপসর্গ তবে অনেক বেশি ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে আলাস্কা পক্স। আলাস্কায় অনেকের মধ্যে ছড়িয়েছে সংক্রমণ। একজন বয়স্ক রোগীর মৃত্যুও হয়েছে। বাচ্চাদের মধ্যেও এই রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আলাস্কার স্বাস্থ্য দফতর জানাচ্ছে, কী ধরনের ভাইরাস থেকে এই রোগ ছড়াচ্ছে তা স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে অর্থোপোভাইরাস বা এই পরিবারের কোনও সদস্যই এই সংক্রমণের জন্য দায়ী। আলাস্কায় পোষ্য প্রাণীদের মধ্যেও এই রোগ ছড়িয়েছে। মনে করা হচ্ছে, পশুদের থেকে মানুষের শরীরে ঢুকছে ভাইরাস।
কী কী উপসর্গ দেখা দিচ্ছে?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভয়ানক পেশির যন্ত্রণা হচ্ছে। তারপর সারা শরীরে বড় বড় ফোঁড়া বা জলফোস্কার মতো দেখা দিচ্ছে। সেখানে পুঁজ জমে সেই ফোঁড়া বড় আকার নিচ্ছে। তাছাড়া ত্বকের উপর জ্বালাপোড়ার মতো দাগ, কালছে ছোপ পড়ে যাচ্ছে। শরীর খুব দুর্বল হয়ে পড়ছে সংক্রমিতদের, নানা রকম রোগের উপসর্গ দেখা দিচ্ছে।
আলাস্কা পক্স জুনটিক (Zoonotic Disease)রোগ। অর্থাৎ পশুদের থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে। আলাস্কায় অনেক ছোট প্রাণীদের শরীরে এই রোগ চিহ্নিত করা গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খুব দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়ছে।
আলাস্কায় যে রোগীর আলাস্কা পক্সে মৃত্যু হয়েছে, তাঁর ত্বকে প্রথম দেখা গিয়েছিল ফোঁড়া। তারপর ধীরে ধীরে সারা শরীরে পুঁজ, ঘা হয়ে যায়। ডাক্তাররা জানান, পোষা বিড়াল থেকেই ওই ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, আলাস্কা পক্স খুব ছোঁয়াচে। আক্রান্তের ত্বকের ঘা, পুঁজ ফোঁড়া ব্যান্ডেজ দিয়ে বেঁধে সংক্রমণ ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। রোগীদের থেকে ডাক্তারদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।