
ফাইল ছবি
শেষ আপডেট: 10 February 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: এয়ার ইন্ডিয়ার বিমানে একাধিকবার বিতর্কিত ঘটনা ঘটেছে। কখনও যাত্রীদের মারপিট হয়েছে, কখনও আবার বিমানের মধ্যেই অন্য যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এবার আলাস্কা এয়ারলাইন্সের বিমানে মারাত্মক ঘটনা ঘটল। এক যাত্রীকে ব্যাপক মারধর করলেন বিমানেরই এক কর্মী। ওই যাত্রীর বিরুদ্ধে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল।
ওকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে সেই সময়ে টেক-অফের জন্য অপেক্ষা করছিল আলাস্কা এয়ারলাইন্সের ২২২১ বিমানটি। হঠাৎ বিমানের মধ্যে হইচই সৃষ্টি হয়। বিমানের কর্মী এক যাত্রীকে ঘুষি মারতে শুরু করেন। একবার, দুবার নয়, একাধিকবার ঘুষি মারেন তিনি। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ওই যাত্রীর বিরুদ্ধে এক মহিলার চুল টানার অভিযোগ উঠেছে। সহযাত্রীরা অনেকেই দাবি করেছেন, বিমান ছাড়ার ঠিক আগে ওই মহিলা যাত্রীর চুল ধরে টানেন তিনি। অভিযোগ করা হয় বিমানের কর্মীদের কাছে। তারপর ঘটে এই ঘটনা। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও মহিলার চুল ছাড়ছেন না ওই যাত্রী। তারপরই বিমানের কর্মী তাঁকে বাধা দিতে আসেন। তাঁর আর্জিও ব্যক্তি না শোনায় অবশেষে তাঁকে মারতে শুরু করেন বিমানের কর্মী।
Alaska Airlines Flight 2221 incident Oakland, CA 2/1/2024 ~10:35 am pic.twitter.com/ND7g1YqUVz
— chad_bro_chill_17 (@walterizzle) February 1, 2025
এই ঘটনার পরই ওই বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়। এবং ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ওই যাত্রীকে আজীবনের জন্য ব্যান করেছেন তাঁরা। অর্থাৎ আর কোনও দিন আলাস্কা এয়ারলাইন্সের কোনও বিমানে তিনি উঠতে পারবেন না।