
মালওয়ির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমা
শেষ আপডেট: 11 June 2024 11:55
দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগে চপার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নিঁখোজ মালাবির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমা। বায়ুসেনার যে বিমানে তিনি সফর করছিলেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তন্নতন্ন করে তল্লাশি চলছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট দেশ মালাবির। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ মালাবির রাজধানী লিলঙ্গে থেকে সেনার বিমানে রওনা দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমা। ওই বিমানে ছিলেন প্রাক্তন ফার্স্ট লেডি শানিল জিম্বিরি সহ মোট ১০ জন যাত্রী। রাজধানী থেকে ৩৭০ কিলোমিটার দূরে দেশের এক প্রাক্তন মন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন তিনি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দৃশ্যমানতা কম থাকায় বিমানটি গন্তব্যস্থলে নামতে পারেনি। এরপর কিছু সময় বাদে খারাপ আবহাওয়ার কারণে বিমানটির সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে বিমানটি কোথায় কী অবস্থায় রয়েছে, এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।
সোমবার দুপুর থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিমানটিকে খোঁজার চেষ্টা করছে সেনাবাহিনীও। বড়সড় কোনও দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি, এমনই অনুমান সেদেশের প্রশাসনিক প্রধানদের। এদিকে বিমান নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর মালাবির প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরা বিবৃতি দিয়ে জানিয়েছেন, বিমানটিকে খুঁজে বের করার জন্য সব রকম চেষ্টা চলছে। আমেরিকা, ব্রিটেন, নরওয়ে এবং ইজরায়েলের মতো দেশ সাহায্যের আশ্বাস দিয়েছে।
সম্প্রতি পার্বত্য এলাকায় চপার ভেঙে মৃত্যু হয়েছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। একইসঙ্গে ওই দুর্ঘটনায় প্রাণ হারান সে দেশের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান। খারাপ আবহাওয়ার কারণেই ওই দুর্ঘটনা ঘটেছিল।