এর আগে অভিষেক প্রতিনিধি দলের অংশ হিসেবে জাপান সফরে গিয়েছিলেন। সেখানেও পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি টোকিওয় গিয়ে শ্রদ্ধা জানান বিপ্লবী রাসবিহারী বসু ও বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে।

ছবি সৌজন্য- অভিষেক বন্দ্যোপাধ্যায় (এক্স)
শেষ আপডেট: 26 May 2025 09:39
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের দরবারে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ এবং 'অপারেশন সিঁদুর'-এর গুরুত্ব তুলে ধরতে বর্তমানে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে রয়েছে সর্বদলীয় প্রতিনিধি দল। সেখানেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সিওলের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোরিয়ার গভীর সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরলেন তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে ভারত ও দক্ষিণ কোরিয়ার অটল অঙ্গীকারের কথাও জোরের সঙ্গে বলেন।
সিওলের ওই সভায় অভিষেক তাঁর বক্তৃতায় রবিঠাকুরের 'দ্য ল্যাম্প অব দ্য ইস্ট' কবিতার উল্লেখ করেন। পরে নিজেই সেকথা জানান এক্স হ্যান্ডেলে। লেখেন, 'কোরিয়ানদের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর সাংস্কৃতিক বন্ধনের কথা আমার বক্তব্যে তুলে ধরেছি । ‘দ্য ল্যাম্প অব দ্য ইস্ট’ এখনও কোরিয়ানদের হৃদয়ে এক বিশেষ জায়গা করে রয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয় যে তাঁর লেখা আজও কোরিয়ার স্কুলে পড়ানো হয় এবং তাদের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত রয়েছে। যা আমাদের দুই দেশের মধ্যে সভ্যতাগত বন্ধনের এক জীবন্ত নিদর্শন।'
প্রসঙ্গত, ‘দ্য ল্যাম্প অব দ্য ইস্ট’ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কোরিয়ার ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যের কথা অত্যন্ত মর্যাদার সঙ্গে তুলে ধরেছিলেন। সেই সূত্রেই অভিষেক এদিন কোরিয়ানদের সঙ্গে বাঙালির আত্মিক সম্পর্কের কথা বলেন।
এদিন সিওলে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ভাইস মিনিস্টার, রাষ্ট্রদূত এবং দেশের শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন অভিষেকরা। মূল বিষয় ছিল শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা। সন্ত্রাসবাদ প্রসঙ্গে অভিষেক জানান, ভারত ও দক্ষিণ কোরিয়া এই সমস্যা নিয়ে একসঙ্গে কাজ করছে। আন্তর্জাতিক পরিসরে এশিয়ার এই দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান গুরুত্বপূর্ণ।
As part of India’s All-Party Parliamentary Delegation, we began the first day of our outreach in Seoul with a detailed exchange with Ambassador @KumarAmitMEA, who outlined the roadmap for our Korea engagements and underscored India’s unflinching commitment to combat terrorism… pic.twitter.com/EdBCNXLwfY
— Abhishek Banerjee (@abhishekaitc) May 25, 2025
এর আগে অভিষেক প্রতিনিধি দলের অংশ হিসেবে জাপান সফরে গিয়েছিলেন। সেখানেও পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি টোকিওয় গিয়ে শ্রদ্ধা জানান বিপ্লবী রাসবিহারী বসু ও বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে। ওই সফরেও বাঙালি আবেগকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্কের মঞ্চে ভারতকে তুলে ধরতে দেখা যায় তাঁকে।
দক্ষিণ কোরিয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ওই প্রতিনিধি দল যাবেন সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায়। এই সফরের মূল লক্ষ্য— ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং ঐতিহ্য ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রচার।