
প্রতীকী ছবি
শেষ আপডেট: 28 December 2024 17:48
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ পরিস্থিতি দেখা দিয়েছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। শনিবার আফগানিস্তানের তালিবান পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনিতে হামলা চালিয়েছে। গত সপ্তাহে আফগান মাটিতে পাকিস্তানি বোমারু বিমান হামলার জবাবে বদলা নিচ্ছে আফগান তালিবান। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর দেওয়া হয়েছে। যদিও হামলায় কতজনের মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
আফগান প্রশাসন কোন জায়গায় হামলা চলেছে তা না জানালেও তাদের বক্তব্য অনুযায়ী পাকিস্তানের বিতর্কিত সীমান্ত এলাকায় বোমা বর্ষণ হয়ে থাকতে পারে। আফগানিস্তানের মন্ত্রককে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, বিতর্কিত সীমান্ত রেখা বরাবর বেশ কিছু সন্দেহভাজন ও তাদের সমর্থকদের নিশানা করা হয়েছে। এরাই আফগানিস্তানে সংগঠিত হামলা চালিয়েছিল। এই বদলা পাকিস্তানের মাটিতে সংঘটিত হয়েছে কিনা জানতে চাওয়া হলে মন্ত্রকে তরফে বলা হয়, আমরা ওই এলাকাকে পাকিস্তানের বলেই মানি না।
আফগানিস্তানের দাবি নিয়ে অবশ্য পাকিস্তানের সেনা অথবা বিদেশমন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, আফগানিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ডেরা নিকেশের নামে পাকিস্তানের বোমা বর্ষণের ঘটনার পর থেকে যারপরনাই খেপে রয়েছে তালিবান কর্তৃপক্ষ। শুক্রবার জানা গিয়েছিল, কাবুল, কান্দাহার, হেরাট থেকে ১৫ হাজার তালিবান যোদ্ধা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কাছাকাছি এসে গিয়েছে। সেই খবর পেয়ে পাকিস্তানও সাঁজোয়া গাড়িসহ সেনা মোতায়েন করেছে সীমান্ত এলাকায়।
জানা গিয়েছে, পেশোয়ার ও কোয়েট্টা থেকে সেনা ও বিমানবাহিনীকে সীমান্তে মোতায়েন করেছে পাকিস্তান। শুক্রবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক সরকারি অনুষ্ঠানে বলেন, পাক তালিবানকে আশকারা দিচ্ছে আফগানিস্তান। যা বরদাস্ত করা হবে না। বহুবার আফগান কর্তৃপক্ষকে বলা হয়েছে, আফগানিস্তানে ঘাঁটি গেড়ে থাকা তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে মদত জোগানো বন্ধ করতে। পাকিস্তান কাবুলের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্ব রেখে চলতে চায়। কিন্তু এভাবে চলতে থাকলে তা মেনে নেওয়া হবে না।
সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের দিক থেকে বেশ কিছু সেনা ইতিমধ্যেই আফগান সীমান্তে পৌঁছে গিয়েছে। আফগান তালিবান দলও মির আলি সীমান্তের কাছাকাছি রয়েছে। যদিও শুক্রবার পর্যন্ত কোনও দিক থেকেই গোলাগুলি বর্ষণের শব্দ শোনা যায়নি। আফগানিস্তানের তালিবানের হাতে প্রচুর অস্ত্রশস্ত্র আছে। আমেরিকার সৈন্যের ফেলে যাওয়া প্রচুর অস্ত্রশস্ত্র হাতে পেয়েছে তালিবান। যেমন- একে ৪৭, মর্টার, রকেট লঞ্চার। এছাড়াও ভৌগোলিকভাবেও পাহাড়ি এলাকা ও গিরিখাদ থাকায় যুদ্ধকৌশলেও অনেক এগিয়ে রয়েছে আফগানিস্তান।