প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 February 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে ভালবাসা নাকি বয়স মানে না। দু'জনের মনের মিল থাকলে যে কোনও বাধা অতিক্রম করা সম্ভব। প্রেমের টানে তেমনই এক কাণ্ড ঘটিয়ে বসেছেন ৬৫ বছরের প্রৌঢ়। ভালবাসার মানুষের জন্য এই বয়সেই নিজের স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক পাকাপাকিভাবে চুকিয়ে নাইজেরিয়ার লাগোসে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এমনই অভিযোগ ইউরোপীয় এক পরিবারের।
পরিবারের অভিযোগ, ২০ থেকে ২৫ বছর বয়সি এক তরুণীকে টিকটকে দেখে রীতিমতো প্রেমে পাগল হয়ে যান তিনি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় তাঁরা একে অপরের সঙ্গে কথাবার্তাও বলছেন। শেষমেষ ৬৫ বছর বয়সি প্রৌঢ় সিদ্ধান্ত নিয়েছেন তিনি সব ছেড়ে নাইজেরিয়া চলে যাবেন। স্ত্রী, সংসার ছেড়ে ওই তরুণীর সঙ্গেই পাকাপাকিভাবে থাকবেন।
ওই ব্যক্তি ইতিমধ্যেই ভিসার আবেদন-সহ একাধিক কারণে তরুণীকে লাখ লাখ টাকাও পাঠিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ওই ব্যক্তির ভাগ্নে বলে নিজেকে পরিচয় দিয়ে এক যুবক এমন অভিযোগ করেছেন। তিনি লেখেন, "এক বছর আগেই বিষয়টা নজরে আসে। আমার ৬৫ বছর বয়সি বিবাহিত মামা টিকটকে একটি ২০-২৫ বছরের তরুণীর প্রেমে পড়েছেন। তাঁর সঙ্গে দিনভর চ্যাট করেন ও কয়েকবার ভিডিও কলে কথাও বলেছেন। এবার পাকাপাকিভাবে সংসার ছেড়ে নাইজেরিয়ায় তরুণীর কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
যুবকের আরও অভিযোগ, পরিবারের সবাই বোঝালেও নিজের সিদ্ধান্ত থেকে পিছু সরবেন না বলেই জানিয়েছেন প্রৌঢ়। সব টাকা তিনি তরুণীকে পেতে খরচ করে ফেলছেন। তাঁকে বারবার বলা হয় এটা একটা প্রতারণা ছাড়া কিছুই নয়, তবুও তিনি কারও কথা শোনেন না। বিশ্বাসও করেন না যে তাঁকে ঠকানো হচ্ছে। আমাদের পরিবার রীতিমতো ভয় পাচ্ছে কারণ তিনি সেখানে গেলে নির্যাতন করা হবে।
এমন ঘটনার কথা শেয়ার করতেই ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একজন লেখেন, "সম্ভবত বিমানবন্দরে তাঁকে কয়েকজন নিতে আসবেন। তিনি সবকিছু ঠিকমতো গুছিয়ে সেখানে গেলেও আচমকা জানিয়ে দেওয়া হবে বিশেষ কোনও সমস্যার কারণে আজ দেখা করা সম্ভব হচ্ছে না। তিনি যেন বাড়ি চলে যান। এভাবেই প্রতারণা চক্রটি চলতে থাকবে। আগামীদিনে টাকা নিয়ে ওই ব্যক্তিকে সর্বসান্ত করে দেওয়া হবে।"
আরেকজন বিপদের কথা তুলে ধরে লেখেন, "উনি লাগোস বিমানবন্দরে পৌঁছবেন। এরপর তাঁর কাছে ফোন আসবে তাদের বিমানবন্দরে আসতে কিছু টাকার প্রয়োজন। এরপরই টাকা পাঠিয়ে বিমানবন্দরে আসার অপেক্ষা করলেও অবশ্যই তারা আর আসবে না। তারপর ফের ফোন আসবে এবং এবং আরও টাকা চেয়ে বলা হবে এবং প্রেমিকা বলবেন টাকা পাঠাও, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তরুণী আর আসবেন না।"
যদিও এমন ঘটনা এই প্রথম তা নয়। ভালবাসার টানে ভিন দেশে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে বহু মানুষকে। সম্প্রতি ৩৩ বছর বয়সি আমেরিকান মহিলা ওনিজা অ্যান্ড্রু রবিনসন ১৯ বছর বয়সি এক যুবকের প্রেমে পাগল হয়ে পাকিস্তানে পৌঁছে যান। অনলাইনে আলাপের পরই সোজা দেশ ছাড়েন। সেখানে পৌঁছানোর পর তাঁকে চরম হেনস্থা করা হয় সেই ভিডিও সামনে আসে।