দ্য ওয়াল ব্যুরো: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে খুন ভারতীয় ছাত্র। গাড়ি চালানোর সময় বাইরে থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ী। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি ওই পড়ুয়াকে।
ঘটনাটি ঘটেছে গত ৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে । তবে তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। আদিত্য আদলাখা নামে ২৬ বছরের ওই পড়ুয়া ইউনিভার্সিটি অফ সিনসিনাটি মেডিকেল স্কুলের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। মলিকিউলার অ্যান্ড ডেভেলপমেন্ট বায়োলজি প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করছিলেন তিনি।
গত ৯ নভেম্বর আদিত্যকে তাঁর গাড়ির ভিতর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সিনসিনাটি পুলিশ। তাঁর গাড়িটি গিয়ে ধাক্কা মেরেছিল সামনের একটি দেওয়ালে। গাড়ির বাইরের দিকে চালকের আসনের অংশে অন্তত ৩টি বুলেটের দাগ পাওয়া গেছে। পুলিশের অনুমান, গুলিবিদ্ধ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন আদিত্য। তাতেই দেওয়ালে ধাক্কা মেরেছিল গাড়িটি।
আদিত্যকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুদিন চিকিৎসা চলার পরে মৃত্যু হয় তাঁর। কে বা কারা ওই ছাত্রের উপর হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। খুনের কারণও জানা যায়নি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সিনসিনাটি পুলিশ।
আদিত্য দিল্লির বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। ২০১৮ সালের দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজাস কলেজ থেকে জুলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে ফিজিওলজিতে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা শেষ করেন আদিত্য। এরপর উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে আর ফেরা হল না তাঁর।
ওই পড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, আদিত্য অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন। মৃত ছাত্রের পরিবার, বন্ধু এবং ঘনিষ্ঠ মানুষদের প্রতি সমবেদনা ব্যক্ত করেছে ইউনিভার্সিটি অফ সিনসিনাটি মেডিকেল স্কুল।